অযোধ্যা: রামমন্দিরের প্রণামী চুরি মামলায় চার্জশিট জমা দিল বিশেষ তদন্তকারী দল (সিট)। তাতে আট অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে। বিশেষ আদালতে ৭৪ হাজার পাতার চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী আধিকারিক আশুতোষ তিওয়ারি। বুধবার পাঁচটি ট্রাঙ্কে নথিগুলি বিচারপতি রজত ভার্মার এজলাসে জমা দেওয়া হয়েছে। তাতে ১০১টি কেস ডায়েরি ও ১৩৩ জন সাক্ষীর বয়ান রয়েছে। এর মধ্যে রাম জন্মভূমি মন্দির ট্রাস্টের প্রাক্তন ট্রাস্ট জেনারেল চম্পত রাই, প্রাক্তন ট্রাস্টি অনিল মিশ্র, প্রাক্তন প্রশাসক গোপাল রাও সহ একাধিক গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তির নাম রয়েছে। জানা গিয়েছে, এর আগে অভিযুক্তদের চুরি সংক্রান্ত একাধিক ধারা যুক্ত করা হয়েছিল। কিন্তু, চার্জশিটে সেই ধারাগুলি বাদ দেওয়া হয়েছে।
এদিকে, চার্জশিট জমাকে কেন্দ্র করে আদালত চত্বরে তুমুল উত্তেজনা তৈরি হয়। চার্জশিট খতিয়ে দেখার দাবি তুলে বিক্ষোভ দেখান অযোধ্যা বার অ্যাসোসিয়েশনের সভাপতি কালিকাপ্রসাদ মিশ্রা সহ কয়েকশো আইনজীবী। কিন্তু, সেই অনুমতি না মেলায় জরুরি ভিত্তিতে বৈঠকে বসে বার অ্যাসোসিয়েশন। ঠিক হয়, আইনজীবীদের একটি কমিটি তৈরি হবে। তারা চার্জশিট বিশ্লেষণ করবে। আদালতের সওয়াল জবাবের সময় সিনিয়র আইনজীবী প্রিয়নাথ সিং, কৃপালচন্দ্র খাড়ে, সৌরভ মিশ্র জানান, প্রণামী চুরির অর্থ ট্রাস্টের অন্তর্বর্তী জেনারেল সেক্রেটারি কৃষ্ণ মোহনের লকারে রাখা হয়েছিল। কোর্টকে বলা হয়, ৪ জুন অর্থ উদ্ধারের পর ২৬ জুন পর্যন্ত তা সেখানেই রাখা ছিল। এছাড়া, এর আগে ৮১ লক্ষ টাকা উদ্ধার করেছিল সিট। তা নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। তাঁদের অভিযোগ, যাঁদের কাছ থেকে প্রণামি চুরির টাকা উদ্ধার হয়েছে, তাঁদেরকেই সাক্ষী হিসাবে হাজির করেছে সিট। উল্লেখ্য, গত মাসে চম্পত রাই, অনিল মিশ্রকে এই মামলা থেকে ক্লিনচিট দিয়েছিল বিশেষ তদন্তকারী দল।