Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পোড়ামার পুজো দিয়েই শুরু মহিষমর্দিনী মাতার আরাধনা

বৈষ্ণবতীর্থ নবদ্বীপে রাসপূর্ণিমায় প্রায় ৩০০’র বেশি দেবদেবীর পুজো হয়।

পোড়ামার পুজো দিয়েই শুরু মহিষমর্দিনী মাতার আরাধনা
  • ২৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: বৈষ্ণবতীর্থ নবদ্বীপে রাসপূর্ণিমায় প্রায় ৩০০’র বেশি দেবদেবীর পুজো হয়। তার মধ্যে শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলায় তিনদিন ধরে মহিষমর্দিনীর পুজো চলে। প্রায় ৮৪বছরের পুরনো এই পুজোর সঙ্গে নবদ্বীপবাসীর আবেগ জড়িয়ে আছে। আগামী ৫নভেম্বর রাসপূর্ণিমা। তার আগে ৩নভেম্বর থেকেই মহিষমর্দিনী মাতার পুজো শুরু হচ্ছে। নবদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী পোড়ামার কাছে পুজো দেওয়ার পরই মহিষমর্দিনী মাতার আরাধনা শুরু হয়।

Advertisement

সিংহের উপর অধিষ্ঠিাত্রী দশভুজা দেবী ত্রিশূল দিয়ে অসুর বধ করছেন। দেবীর পদতলে মহিষ। এমনই ১৮হাত উঁচু প্রতিমা দেখা যায় মহিষমর্দিনী মাতার পুজোয়। রাসপূর্ণিমায় মণ্ডপের একপাশে গৌরাঙ্গ মহাপ্রভুরও পুজো হয়। ২নভেম্বর প্রতিমা উদ্বোধন হবে। পুজো উপলক্ষ্যে ২ ও ৩ তারিখ সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। স্থানীয় কচিকাঁচারা সেখানে নৃত্যানুষ্ঠান পরিবেশন করবে।
শচীদুলাল সাহা, কৃষ্ণচন্দ্র দত্ত, মৃত্যুঞ্জয় প্রামাণিক, ধর্ম সরকার, শম্ভু দাস প্রমুখ এই পুজো পরিচালনা করেন। তাঁরা পুজোর বাজারহাট থেকে শুরু করে প্রসাদ বিতরণ-সমস্ত দায়িত্বই পালন করে থাকেন। স্থানীয় বধূ শিখা সাহা, রুমা প্রামাণিক, বন্দনা দাস, শম্পা দাস, রেখা দাসরা পুজোর জোগাড় করেন। রাসের পুজোর পর বৃহস্পতিবার ভাগীরথীতে দেবীর ঘট বিসর্জন দেওয়া হবে। সেদিন সন্ধ্যায় লোহার বলবিয়ারিং লাগানো গাড়িতে আলোকসজ্জা ও বাজনা সহ দেবীপ্রতিমা নিয়ে শহর পরিক্রমা করা হবে। পরদিন ফাঁসিতলা ঘাটে প্রতিমা নিরঞ্জন হবে। পুজো কমিটির প্রবীণ কর্মকর্তা শচীদুলাল সাহা বলেন, এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা সবাই এই পুজোয় অংশ নেন। কমিটির সম্পাদক মৃত্যুঞ্জয় প্রামাণিক বলেন, এই প্রাচীন পুজোর সঙ্গে নবদ্বীপবাসীর আবেগ জড়িয়ে আছে। পুজো প্রাঙ্গণের কাছেই পোড়ামা, ভবতারিণী ও ভবতারণ শিবমন্দির আছে। তাই এই জায়গার গুরুত্ব অপরিসীম।
পুজো কমিটির কোষাধ্যক্ষ কৃষ্ণচন্দ্র দত্ত বলেন, নবদ্বীপেই গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। তাই পুজো মণ্ডপের পাশে আমরা মহাপ্রভুর পূজার্চনা করি। পুজোর তিনদিন মণ্ডপ থেকে প্রায় ১০হাজার ভক্তকে প্রসাদ বিতরণ করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ