Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

দেড় বছরেও কানতুর্কা স্ট্যান্ডে প্রতীক্ষালয়ের কাজ শেষ হয়নি

প্রায় দেড় বছর হতে চলল। অথচ এই দীর্ঘ সময়েও শেষ হয়নি যাত্রী প্রতীক্ষালয় নির্মাণ। রোদ, বৃষ্টিতে গাড়ি ধরতে অপেক্ষা করতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে যাত্রীদের।

দেড় বছরেও কানতুর্কা স্ট্যান্ডে প্রতীক্ষালয়ের কাজ শেষ হয়নি
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হবিবপুর: প্রায় দেড় বছর হতে চলল। অথচ এই দীর্ঘ সময়েও শেষ হয়নি যাত্রী প্রতীক্ষালয় নির্মাণ। রোদ, বৃষ্টিতে গাড়ি ধরতে অপেক্ষা করতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে যাত্রীদের। 

Advertisement

ঘটনাটি হবিবপুর ব্লকের সিপিএম পরিচালিত কানতুর্কা গ্রাম পঞ্চায়েতের কানতুর্কা স্ট্যান্ড এলাকায়। অবিলম্বে প্রতীক্ষালয়টি চালুর দাবি জানিয়েছেন এলাকার যাত্রীরা। পঞ্চায়েতের প্রধান রমেন বর্মন বলেন, কিছু কাজ বাকি রয়েছে। সেটা শেষ হলেই প্রতীক্ষালয়টি চালু করা হবে। কানতুর্কা, ধুমপুর, জাজইল, বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত এলাকার বহু মানুষ বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য এই স্ট্যান্ড থেকে যানবাহনে চাপেন। অপেক্ষা করার সময় অনেককে দোকানে বা রাস্তার ধারে ছায়ায় আশ্রয় নিতে হয়। প্রত্যন্ত এলাকার অনেক যাত্রীর রাতে বাড়ি ফিরতে দেরি হলে প্রতীক্ষালয় না থাকায় রাস্তার ধরেই কাটাতে হয় তাঁদের। যাত্রীদের অসুবিধার কথা ভেবে গ্রাম পঞ্চায়েত প্রতীক্ষালয়টি নির্মাণের উদ্যোগ নেয়। একটি শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা করার কথাও ছিল। কাজ ধীরগতিতে চলায় অসন্তোষ প্রকাশ করেছেন নিত্যযাত্রীরা। সম্প্রতি বিল্ডিং নির্মাণের কাজ শেষ হয়েছে। বসার ব্যবস্থা, পানীয় জল, ইলেকট্রিকসহ কিছু কাজ বাকি আছে। মহিলা যাত্রী তপতী হালদার বলেন, অনেকে রাস্তার ধারে রোদে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়েন। বয়স্কদের খুব সমস্যা হয়। অবিলম্বে প্রতীক্ষালয়টি চালু করা হোক। হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল বলেন, প্রধানের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ