Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মোক্ষম জবাব দিয়ে উচ্ছ্বাস দুই মহারথীর, প্রশংসায় ভরালেন ক্যাপ্টেন গিল

কয়েক মাস আগের সেই যন্ত্রণার স্মৃতিতে মলম হয়ে উঠল শনিবারের ওডিআই।

মোক্ষম জবাব দিয়ে উচ্ছ্বাস দুই মহারথীর, প্রশংসায় ভরালেন ক্যাপ্টেন গিল
  • ২৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সিডনি: অস্ট্রেলিয়ার মাটিতেই কেরিয়ারের শেষ টেস্ট খেলেছিলেন দু’জনে। কয়েক মাস আগের সেই যন্ত্রণার স্মৃতিতে মলম হয়ে উঠল শনিবারের ওডিআই। ডনের দেশে শেষবার নেমে ম্যাচের সেরা রোহিত শর্মা। বিরাট কোহলির শরীরী ভাষাতেও স্পষ্ট স্বস্তি। ঘাড়ের উপর ঝুলতে থাকা খাঁড়া আপাতত উধাও। সংশয়বাদীদের মোক্ষম জবাব দিয়ে উল্লসিত দুই মহারথী। রোহিত বললেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে বরাবরই পছন্দ করি। ২০০৮ সালে সিডনিতে ম্যাচ জেতানোর কথা মনে পড়ছিল। জানি না, আর কখনও এদেশে আমরা খেলব কিনা। তবে ভালো-মন্দ সবরকম স্মৃতিই মনে ভাসছে।’ দুই মহারথীর সাক্ষাৎকার নিচ্ছিলেন রবি শাস্ত্রী। তাঁদের প্রশংসায় ভরিয়ে প্রাক্তন জাতীয় কোচ বলে ওঠেন, ‘তোমাদের মধ্যে এখনও যথেষ্ট বারুদ রয়েছে।’ জবাবে একগাল হেসে রোহিত বলেন, ‘পারথে সিরিজের প্রথম একদিনের ম্যাচে খেলতে নামার সময় শূন্য থেকে শুরু করাই ছিল লক্ষ্য। গত ১৫-১৭ বছরে কী করেছি, তা ভুলে গিয়েছিলাম। আমি নিশ্চিত, বিরাটও এভাবেই ভাবে।’ 

Advertisement

মুচকি হেসে বিরাট বলেন, ‘আমরা একে অন্যকে খবু ভালো বুঝি। সেজন্যই এত লম্বা সময় ধরে একসঙ্গে খেলছি। আমরাই এখন সম্ভবত সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। জানতাম, বড় জুটি গড়তে পারলে আমরা জিতবই। করেছে যে, এই জুটি ২০ ওভার খেললে যে কোনও টার্গেট তাড়া করে ফেলবে। রোহিতের সঙ্গে ব্যাটিং বরাবর উপভোগ করেছি।’ অধিনায়ক শুভমান গিল বলেছেন, ‘আমরা নিখুঁত খেলেছি। রোহিত ও বিরাট ভাই এই কাজটাই বছরের পর বছর ধরে করে আসছে। ওদের ব্যাটিং আনন্দ দিয়েছে। এটা স্পেশাল জয়।’
এদিকে, শনিবার শরীর ছুড়ে অ্যালেক্স কেরির ক্যাচ নেওয়ার সময় পাঁজরে চোট পেয়েছেন শ্রেয়স আয়ার। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। এরপরই বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রেয়সের পাঁজরে চোট গুরুতর। অন্তত তিন সপ্তাহ ওকে মাঠের বাইরে থাকতে হতে পারে। ফলে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা নিয়েও দেখা দিল অনিশ্চয়তা।

Advertisement
সম্পর্কিত সংবাদ