সমীর সাহা, নবদ্বীপ: ভূতপ্রেতের গল্প আর কি শিশুরা পড়ে? মেছো ভূত, স্কন্ধকাটা শব্দগুলির সঙ্গে এদের কি পরিচয় আছে? আজকের শৈশব মানেই রিলস, ফেসবুক, ইনস্টাগ্রাম। সারাক্ষণ বুদ্ হয়ে থাকা মুঠো ফোনে। বিপথে যাওয়া এই শৈশবকে পথে আনতে এবার ভৌতিক থিমের উপর জোর দিয়েছেন নবদ্বীপের রাস উদ্যোক্তারা। কোথাও রাজা জমিদারদের ভূত হয়ে ওঠার কাহিনি, কোথাও আবার ভূত পরিচালিত রেল স্টেশন। গা ছমছমে পরিবেশ পেয়ে যদি ভূতের গল্পে ফেরে শৈশব, এমনই আশায় উদ্যোক্তারা।
নবদ্বীপ মালঞ্চপাড়ার আচার্য পাড়া লেনের গৌর বিষ্ণুপ্রিয়া সঙ্ঘের গৌর বিষ্ণুপ্রিয়া পুজো। গৌরাঙ্গ মহাপ্রভুর সহধর্মিনী বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মভিটে সংলগ্ন এই পুজো মণ্ডপ। সেই কারণে উদ্যোক্তারা রাসে গৌর বিষ্ণুপ্রিয়ার মূর্তি পুজো করে আসছেন। এখানে এবছরের থিম ‘পৌরাণিক ভৌতিক রাজমহল’। পাঁচ কাঠা জায়গাজুড়ে তৈরি হয়েছে ভূতেদের রাজমহল। মূলত ভূত কেমন দেখতে হয়, তা শিশুদের জানাতেই এই ভাবনা। গাছগাছালিতে ঢাকা পড়া একটা রাজমহল। আলোআঁধারি পরিবেশ। রোমহর্ষক মিউজিক বাজছে চারিদিকে। আসলে, রাজমহলটি একদা বিশাল ছিল। গম গম করত লোকজন। রাজমহলে হঠাৎই একদিন বিধ্বংসী আগুন লাগে। পুড়ে মারা যান রাজা থেকে শুরু করে রাজ পরিবারের সব সদস্য। তাঁরা আজও ভূত হয়ে বসবাস করছেন। বিষয়টি উপস্থাপিত করতে পূর্ব বর্ধমান জেলার মেমারির দুই মহিলা সহ ছ’ জন কলাকুশলী এসেছেন। তাঁরা অভিনয়ের মাধ্যমে সেই সব ভূতুড়ে কাণ্ডকারখানা তুলে ধরবেন। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত যতক্ষণ দর্শনার্থীরা থাকবেন ততক্ষণই ভূতের অভিনয় করবেন তাঁরা।
ওলাদেবীতলা সবুজ সঙ্ঘেরও এবারের থিম ‘ভৌতিক রেল স্টেশন, ভূতুড়ে ট্রেন’। পাড়ার নাম অনুসারে এই রেল স্টেশনের নাম দেওয়া হয়েছে ওলাদেবীতলা স্টেশন। এই স্টেশনে থাকবে দু’ কামরা বিশিষ্ট পুরনো দিনের কয়লার ট্রেন। সেটি প্লাটফর্মে দাঁড়ানো আছে। সেই ট্রেনে দর্শকরা উঠলেই পড়বেন ভূতের খপ্পরে। টিকিট কাউন্টার থেকে শুরু করে যাত্রী প্রতীক্ষালয়, জিআরপি অফিস, স্টেশন মাস্টারের ঘর, টিকিট কাউন্টার, রেলওয়ে ওয়ার্কশপ সমস্ত কিছু রয়েছে। সবকিছুর দায়িত্বে ভূতের দল। সম্পূর্ণ লাইট এবং সাউন্ডের মাধ্যমে ভৌতিক পরিবেশ বজায় থাকবে। ভূত দেখার পাশাপাশি কয়লার ইঞ্জিনের ট্রেন দেখা উপরি পাওনা। এখানে মহাভারত অবলম্বনে প্রতিমা সৌপ্তিক মহাদেব। পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে মহাদেব পাণ্ডবদের পক্ষ হয়ে তির গিলে খাচ্ছেন। তির খাওয়া অবস্থায় মহাদেবের যে মূর্তি তা-ই এখানে পূজিত হচ্ছে।
এ ছাড়া নবদ্বীপ পশু হাসপাতালের কাছে প্রাণগোপাল নগরে আদি অগ্রগামী ক্লাবের এবারের থিম ‘নারীত্বের অনন্ত প্রকাশ: আদিশক্তি’, দশমহাবিদ্যা রূপ সব জীবন্ত। তাঁদের প্রতিমা শ্যামাকালী। নবদ্বীপ জনপ্রিয় ক্লাবের এবছরের থিম ‘সাবেকিয়ানায় মহাদেব’। এই থিমের মাধ্যমে গ্রামবাংলার প্রাচীন সংস্কৃতি তুলে ধরা হয়েছে। ক্লাবের সদস্য কৌস্তভ সাহার কথায়, পূজা মণ্ডপে পূজিত হচ্ছেন মা পার্বতী ও গজানন সহ স্বয়ং মহাদেব। এবছরের প্রতিমায় তুলে ধরা হয়েছে রথে চড়ে মা পার্বতী ও গণেশের আগমনের দৃশ্য, সারথী রূপে অবস্থান করছেন দেবাদিদেব।
নবদ্বীপ প্রাচীনমায়াপুর জামতলা গলির হিমাদ্রি সঙ্ঘের অন্নপূর্ণা মাতা পুজোর এবছরের থিম ‘সবুজের অভিয়ান’। দিনের পর দিন সবুজ ধ্বংস হয়ে যাচ্ছে। সবার মনে চেতনা ফিরে আসুক, সবুজকে বাঁচানোর আহ্বান। সবুজ যেমন ধ্বংস হয়ে যাচ্ছে, তেমনি বন্যপ্রাণীকেও মেরে ফেলা হচ্ছে। মডেলের মাধ্যমে সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপে।