নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: প্রতিবছরই অভিনব ভাবনায় মণ্ডপসজ্জা করে দর্শনার্থীদের মোহিত করে বানজেটিয়া অক্ষয় সমিতি। এবছর তাদের দুর্গাপুজোর মণ্ডপসজ্জার থিম ‘টাকা মাটি, মাটি টাকা’। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের এই বিখ্যাত বাণীকেই মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলা হবে। এই পুজো দেখতে জেলার পাশাপাশি ভিনজেলার মানুষও ভিড় করেন।
পুজো কমিটির সেক্রেটারি মিতালি চক্রবর্তী বলেন, অন্যবারের চেয়ে একটু অন্যরকমের বিষয় ভাবনা নেওয়া হয়েছে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বাণী এখন মানুষের কাছে কতটা প্রাসঙ্গিক-সেটাই মণ্ডপে ফুটিয়ে তোলা হবে। টাকা এবং মাটি দুটোই সমান। দুটোই যদি ঠিকমতো ব্যবহার করতে না পারি, তাহলে এই মানবজন্ম বৃথা।
অপর উদ্যোক্তা অপূর্ব মণ্ডল বলেন, দৈনন্দিন জীবনে টাকার পিছনে ছুটতে ছুটতে অনেক কিছুই আমরা ভুলে যাচ্ছি। সেই বিষয়টি মণ্ডপসজ্জায় তুলে ধরা হবে। পুরো মণ্ডপ মাটির সাজসজ্জা দিয়ে সাজানো হচ্ছে। মাটির তৈরি বিভিন্ন দেবদেবীর মূর্তি, হাঁড়ি-কলসির সাজসজ্জা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ করবে। অক্ষয় সমিতির সম্পাদক তপন মণ্ডল বলেন, মাটির উপরে কিছু নেই। মাটি থেকেই সবকিছুর সৃষ্টি। মাটির যাবতীয় সরঞ্জাম দিয়ে আমরা মণ্ডপ নির্মাণ করছি। শ্রীরামকৃষ্ণ এবং সারদা মায়ের আদলে মণ্ডপ ও প্রতিমা তৈরি হচ্ছে। ৮০ফুট উঁচু এবং ৬০ফুট চওড়া মণ্ডপ এবং ১২ফুট উচ্চতার প্রতিমা তৈরি হচ্ছে। পুজোর বাজেট প্রায় ১৮লক্ষ টাকা। আলোকসজ্জার অভিনবত্বও দর্শকদের মন জয় করবে বলে আমরা আশাবাদী।