নয়াদিল্লি: ‘ভোটচুরি’র অভিযোগে বিরোধীদের বিক্ষোভে তোলপাড় দেশ। বিরোধী ‘ইন্ডিয়া’ শিবিরের নিশানায় একযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার মধ্যেই বৃহস্পতিবার ফের মুখ খুললেন প্রবীণ বিজেপি নেতা মুরলী মনোহর যোশি। এদিন তিনি বলেন, আমলাতন্ত্র স্বচ্ছ হলে ও নিরপেক্ষ ভোটপ্রক্রিয়া নিরপেক্ষতা অটুট থাকলে জনগণ দ্বারা নির্বাচিত সরকারের পতন হওয়া উচিত নয়। কিন্তু সংবিধান কোনোভাবে লঙ্ঘিত হলে সুপ্রিম কোর্টকে তা দেখতে হবে। এদিন দিল্লিতে ২১তম ফিকি হায়ার এডুকেশন সামিটের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ঘটনাচক্রে, গত সপ্তাহেই এক সাক্ষাৎকারে যোশির বিস্ফোরক মন্তব্য শোরগোল ফেলে দিয়েছিল। বাজপেয়ি সরকারে শিক্ষামন্ত্রকের দায়িত্ব সামলানো প্রবীণ বিজেপি নেতার বক্তব্য ছিল, সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়। তাই এসআইআর। সরাসরি নাম না করলেও তিনি বর্তমান মোদি সরকারকেই নিশানা বানিয়েছেন বলে ধারণা রাজনৈতিক মহলের। রাখঢাক না করে যোশির কটাক্ষ ছিল, সরকারে দেশকে বিপথে চালিত করছে। জেন জি আন্দোলন, বেকারত্ব থেকে রামমন্দিরের প্রণামি চুরির অভিযোগ— একাধিক ইস্যুতে অকপট আক্রমণ শানিয়েছিলেন এই বর্ষীয়ান নেতা।



