দুবাই: চলতি এশিয়া কাপে ইতিমধ্যে দু’বার পাক-বধ করেছে ভারত। ফাইনালেও কি দাপট বজায় রাখবে টিম ইন্ডিয়া? বেশিরভাগ বিশেষজ্ঞই ফেভারিট মানছেন সূর্যকুমার যাদবদের।
দুবাই: চলতি এশিয়া কাপে ইতিমধ্যে দু’বার পাক-বধ করেছে ভারত। ফাইনালেও কি দাপট বজায় রাখবে টিম ইন্ডিয়া? বেশিরভাগ বিশেষজ্ঞই ফেভারিট মানছেন সূর্যকুমার যাদবদের।
কিংবদন্তি সুনীল গাভাসকরের বাজি ভারতই। সানি বলেন, ‘অভিষেক শর্মা স্বপ্নের ফর্মে রয়েছে। ফাইনালে ওর ব্যাট চললে বিপক্ষের কপালে দুঃখ আছে। আমি নিশ্চিত, ফাইনালের মতো বড় মঞ্চে সেরা পারফরম্যান্স মেলে ধরার সুযোগ ও হাতছাড়া করবে না। গত কয়েকটি ম্যাচে সেঞ্চুরি মিস করেছে। রবিবার তিন অঙ্কের ঘরে পৌঁছলে অবাক হব না।’ সানির সঙ্গে সুর মিলিয়েছেন ভারতের প্রাক্তন পেসার ইরফান পাঠানও। তাঁর কথায়, ‘এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে ফাইনালে প্রথমবার মুখোমুখি ভারত-পাকিস্তান। চলতি টুর্নামেন্টে যেভাবে দাপট দেখিয়েছে তাতে গৌতম গম্ভীরের দলই ফেভারিট। তবে গত কয়েকটা ম্যাচে পাকিস্তানের বোলিং কিছুটা উন্নতি করেছে।’
শুধু গাভাসকর, ইরফানই নন, ভারতকে ফেভারিট মানছেন পাকিস্তানের ওয়াসিম আক্রামও। কিংবদন্তি পেসারের বক্তব্য, ‘ভারত অবশ্যই ফেভারিট। এতে সংশয়ের অবকাশ নেই। ওদের ব্যাটিং গভীরতা বেশ ভালো। তবে টি-২০ ফরম্যাটে নিজের দিনে যে কেউ জিততে পারে।’ আর প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার অঘটনের স্বপ্ন দেখছেন। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের মন্তব্য, ‘ভারতকে ভয় করলে চলবে না। মানসিক দৃঢ়তা বাড়াও। আগে নিজেদের মধ্যে বিশ্বাস নিয়ে এসো যে কোনও ম্যাচ জিততে পারবে।’ তাঁর সংযোজন, ‘প্রথম দুই ওভারের মধ্যে অভিষেক শর্মাকে আউট করতে পারলে চাপে পড়ে যাবে ভারত। কারণ, প্রতি ম্যাচে ও পাওয়ার প্লে’তে ঝড় তুলে ভারতকে চালকের আসনে বসিয়ে দিচ্ছে। তাই ওকে দ্রুত ফেরানো জরুরি।’ আখতারের সঙ্গে সুর মিলিয়েছেন মিসবা উল হকও।