Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সকল রক্ষচক্ষু উপেক্ষা করে সংগ্রাম চলবেই, প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতার

দলের প্রতিষ্ঠা দিবসে আগামীর লড়াইয়ের শপথ নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন, বাংলার মানুষের জন্য তাঁর লড়াই-সংগ্রাম চলবে। কোনও অপশক্তির কাছে মাথা নত নয়।

সকল রক্ষচক্ষু উপেক্ষা করে সংগ্রাম চলবেই, প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতার
  • ২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলের প্রতিষ্ঠা দিবসে আগামীর লড়াইয়ের শপথ নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন, বাংলার মানুষের জন্য তাঁর লড়াই-সংগ্রাম চলবে। কোনও অপশক্তির কাছে মাথা নত নয়। 

Advertisement

বৃহস্পতিবার ছিল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সেই প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে মমতা লিখেছেন, মা-মাটি-মানুষের সেবার লক্ষ্যে ১৯৯৮ সালের ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের পথ চলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথের মূল লক্ষ্য দেশমাতৃকার সম্মান, বাংলার উন্নয়ন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা। আজও আমাদের দলের প্রতিটি কর্মী-সমর্থক এই লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ। তাঁদের নিরলস প্রচেষ্টা ও আত্নত্যাগকে আমি বিনম্র চিত্তে সম্মান ও শ্রদ্ধা জানাই।
আগামী তিন মাসের মধ্যে রাজ্যে বিধানসভার ভোটপর্ব শুরু হবে। রাজনৈতিক মহল মনে করছে, এসআইআর প্রক্রিয়ায় ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনের তরফে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। এই প্রেক্ষাপটেই দলের প্রতিষ্ঠা দিবসে মমতার বার্তা, তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্যদের অকুণ্ঠ সমর্থনকে পাথেয় করেই বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের জন্য লড়াইয়ে অবিচল আমরা। কোনওরকম অপশক্তির কাছে মাথা নত নয়। সকল রক্ষচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে।
রাজনৈতিক মহল বলছে, প্রতিষ্ঠা দিবসের বার্তার মধ্যে দিয়ে বিজেপিকে নিশানা করেছেন মমতা। একদিকে কেন্দ্রীয় বঞ্চনা, অন্যদিকে বিজেপি বাংলাকে বদনাম ও অপমান করার চেষ্টা করছে বলে অভিযোগ তৃণমূলের। তারমধ্যে এসআইআর’কে কেন্দ্র করে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও তুলেছে রাজ্যের শাসক দল। এই সামগ্রিক প্রেক্ষাপটে মমতা এক কথায় বুঝিয়ে দিয়েছেন, বাংলার মানুষের অধিকার রক্ষার স্বার্থে লড়াই চলবে। দলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, রাজ্য তথা দেশবাসীর উন্নয়নে মা-মাটি-মানুষ সর্বদা নিয়োজিত। তৃণমূল কংগ্রেস পরিবারের সর্বস্তরের কর্মীদের অক্লান্ত পরিশ্রম, আত্মত্যাগ এবং নিরলস প্রচেষ্টাকে আমার কুর্নিশ। নতুন বছরে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনেআবদ্ধ হয়ে নব উদ্যমে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত হন।
আজ, শুক্রবার থেকে অভিষেক রাজ্যব্যাপী একটি কর্মসূচি শুরু করছেন। শুরু হচ্ছে বারুইপুরে জনসভার মধ্যে দিয়ে। ৩ তারিখ চা-বাগান এলাকায় কর্মসূচি তাঁর। এই কর্মসূচির সূত্র ধরে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তোলা হয়েছে, ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা।’ অন্যদিকে প্রতিষ্ঠা দিবসে উপলক্ষ্যে তৃণমূল ভবনে দলীয় পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তাঁর বক্তব্য, বাংলার মানুষকে একত্রিত করে উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশপাশি এদিন থেকেই মমতার সরকারের কর্মকাণ্ড নিয়ে ‘উন্নয়নের সংকল্প’ শীর্ষক কর্মসূচি শুরু করেছে তৃণমূল।

Advertisement
সম্পর্কিত সংবাদ