নিজস্ব প্রতিনিধি, মালদহ: জেলায় প্রায় সাড়ে তিন হাজার কৃষককে ভর্তুকিতে ২০ কোটির চাষের যন্ত্র দেবে রাজ্য। লটারির মাধ্যমে ইতিমধ্যেই বেনিফিশিয়ারি বাছাই হয়ে গিয়েছে।
মালদহ জেলা কৃষিদপ্তর সূত্রে খবর, একেবারে ছোট যন্ত্রাংশ থেকে ট্রাক্টর কিংবা কম্বাইন হারভেস্টরের মতো ভারী যন্ত্র সবটাই ভর্তুকিতে পাবেন কৃষকরা। সময় বাঁচাতে এখন ড্রোনের সাহায্যে চাষের জমিতে সার কিংবা কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে ড্রোন কিনতেও ভর্তুকি দেওয়া হবে বলে জানিয়েছেন মালদহের উপ কৃষি অধিকর্তা বিদ্যুৎকুমার বর্মন। জেলা কৃষিদপ্তর সূত্রে খবর, ফার্ম মেকানাইজেশন স্কিমে মোট চারটি ক্যাটাগরিতে কৃষকদের ভর্তুকিতে কৃষিযন্ত্র দেওয়া হবে। এক্ষেত্রে যাঁরা অনলাইনে আবেদনের সঙ্গে অফলাইনে নথিপত্র জমা দিয়েছিলেন, তাঁদের মধ্যে থেকে লটারির মাধ্যমে উপভোক্তা বাছাইয়ের কাজ শেষ হয়েছে। এখন রাজ্যের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। জেলার এক কৃষি আধিকারিক বলেন, ফার্ম মেকানাইজেশন হাবে ৫৫ জনকে ভর্তুকিতে কৃষিযন্ত্র দেওয়া হবে। এক্ষেত্রে ৮০ শতাংশ ভর্তুকি মিলবে। কাস্টম হায়ারিং সেন্টারে ভর্তুকিতে কৃষিযন্ত্র পাবেন ২৫ জন। ভর্তুকি মিলবে ৪০ শতাংশ। এক্ষেত্রে কৃষক ব্যক্তিগতভাবে আবেদন করতে পারেন। আবার কয়েকজন মিলে যৌথভাবেও আবেদন করতে পারেন। মাঝারি কৃষিযন্ত্র দেওয়া হবে ২২৬৩ জনকে। হালকা কৃষিযন্ত্র (যেসব যন্ত্রের দাম ১০ হাজার টাকার কম) পাবেন ১১৪৮ জন। জমিতে বীজ, সার ও কীটনাশক প্রয়োগের জন্য ড্রোনের দাম তিন লক্ষ টাকার বেশি। ভর্তুকিতে ড্রোন পেতে বেশকিছু আবেদন জমা পড়েছে বলে কৃষিদপ্তর সূত্রে খবর।



