নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ধূলাগড় থেকে জালান কমপ্লেক্স পর্যন্ত জাতীয় সড়কের দু’পাশে সার্ভিস রোডের বেহাল দশা। নিত্যদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে পণ্যবাহী গাড়ির চালকদের। দীর্ঘ কয়েক কিমি রাস্তাজুড়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। তার জেরে যানবাহনের গতি কমার পাশাপাশি বিভিন্ন সময়ে তৈরি হচ্ছে তীব্র যানজট। অভিযোগ, কোনো কোনো দিন অল্প দূরত্বের পথ পেরতে এক ঘণ্টারও বেশি সময় লেগে যাচ্ছে।
কলকাতামুখী জাতীয় সড়কে ধূলাগড় টোলপ্লাজা পেরনোর পরেই দু’পাশে পড়ে সার্ভিস রোড। ধূলাগড় মোড় থেকে একদিকে পাঁচলার জুজারশা এবং অন্যদিকে সাঁকরাইল স্টেশন হয়ে চাঁপাতলার গুরুত্বপূর্ণ সংযোগ রয়েছে। কিছুটা এগলেই আলমপুর মোড়। সেখান থেকে আন্দুল রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া যায়। ফলে এই রাস্তার গুরুত্ব যথেষ্ট। পাশাপাশি সার্ভিস রোডের দু’ধারে রয়েছে একাধিক ছোটো, মাঝারি ও বড়ো কারখানা। শিল্পাঞ্চলের কর্মী, স্থানীয় বাসিন্দা এবং পণ্যবাহী গাড়ি মিলিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন এই রাস্তা ব্যবহার করে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশে বড়ো বড়ো গর্ত তৈরি হওয়ায় ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। গর্ত এড়াতে গিয়ে দুর্ঘটনাও ঘটছে। আবার কোনো গাড়ি মাঝ রাস্তায় বিকল হলে তার প্রভাবে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। স্বাভাবিকভাবে যে পথ যেতে দশ মিনিট লাগে, যানজটের কারণে কখনও কখনও তার জন্য আধ ঘণ্টারও বেশি সময় লাগছে। গর্তের ধাক্কায় দু’চাকার গাড়ি বিকল হওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ। জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, আগে একাধিকবার পিচ দিয়ে রাস্তা মেরামত করা হলেও বর্ষার জল জমে তা ফের উঠে গিয়েছে। তাই স্থায়ী সমাধানের লক্ষ্যে এ বার কংক্রিটের ব্লক দিয়ে সার্ভিস রোড সংস্কারের পরিকল্পনা করা হয়েছে। সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। নিজস্ব চিত্র