Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্ক নিয়ে তৎপরতা শাসক শিবিরে

ডিরেক্টর নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি হতেই কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্ক নিয়ে তৎপরতা বেড়েছে শাসক শিবিরে।

কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্ক নিয়ে তৎপরতা শাসক শিবিরে
  • ১৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ডিরেক্টর নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি হতেই কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্ক নিয়ে তৎপরতা বেড়েছে শাসক শিবিরে। আগামী ১৮ বা ১৯এপ্রিল কলকাতায় দলের রাজ্য সভাপতির উপস্থিতিতে এনিয়ে বৈঠক হবে। ওই বৈঠকে কাঁথি এবং এগরা মহকুমা থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী চার বিধায়ক এবং জেলা সভাপতি উপস্থিত থাকবেন। ওই বৈঠকে ১৩জন ডিরেক্টরের নাম চূড়ান্ত হবে। ২২এপ্রিল ডিরেক্টর নির্বাচনে ব্যাঙ্কের প্রধান কার্যালয় থেকে মনোনয়ন তোলা হবে। পরদিন মনোনয়নপত্র জমা নেওয়া হবে। তার আগে ১৩জনের চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। ১০মে ব্যাঙ্কের বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে। সেখানেই ডিরেক্টর পদে নির্বাচন হবে। ১৫মে-র মধ্যে ব্যাঙ্কের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া সেরে ফেলতে চাইছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

Advertisement

গত ২৯মার্চ কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের প্রতিনিধি(ডেলিগেট) নির্বাচন হয়েছে। কাঁথি এবং এগরা মহকুমার অন্তর্গত মোট ১৩টি নির্বাচনী ক্ষেত্র থেকে ৭৮ জন ডেলিগেট নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সকলেই তৃণমূলের টিকিটে জয়ী। বিজেপি এবং সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করেও খাতা খুলতে পারেনি। তাই ডেলিগেট নির্বাচনের দিনই বোর্ডের দখল নিশ্চিত করেছে শাসকদল। এখন ডিরেক্টর পদে কারা সুযোগ পাবেন তা নিয়ে শাসকদলের দুই শিবিরের মধ্যে চাপানউতোর তুঙ্গে। এর আগে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচনে দলের দুই শিবির থেকে মনোনয়ন জমা পড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হয়েছিল। তাঁর নির্দেশে ১২জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন। এবার কন্টাই কো-অপরেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কেও দুই শিবির নিজেদের ঘনিষ্ঠদের ডিরেক্টর পদে আনতে মরিয়া। তৃণমূল কংগ্রেসের যুযুধান দু’পক্ষ এখন ঘুঁটি সাজাতে ব্যস্ত। কারণ, ডিরেক্টরদের মধ্যে থেকেই চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হবেন। তাই দুই শিবির নিজেদের লবি থেকে সংখ্যাগরিষ্ঠ ডিরেক্টর করতে মরিয়া। ওই ব্যাঙ্কের পরিচালন সমিতিতে একজন সরকার মনোনীত প্রতিনিধি এবং একজন জেলা পরিষদ মনোনীত প্রতিনিধি থাকবেন। সরকার মনোনীত প্রতিনিধির সামনে চেয়ারম্যান হওয়ার সুযোগ রয়েছে। লেনদেনের নিরিখে এরাজ্যের প্রথমসারির কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের মধ্যে অন্যতম কাঁথির ওই ব্যাঙ্ক। তমলুকের থেকেও এখানে লেনদেনের হার অনেক বেশি। স্বাভাবিকভাবে ব্যাঙ্কের পরিচালন সমিতির মাথায় নিজেদের ঘনিষ্ঠদের বসাতে মরিয়া শাসকদলের দুই গোষ্ঠী। 
তবে, সেই কাজিয়ায় যাতে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের মতো সংঘাতের পরিস্থিতি না তৈরি করে সেজন্য সতর্ক দল। 
সমবায়ের দায়িত্বপ্রাপ্ত রাজ্য তৃণমূল নেতা আশিস চক্রবর্তী বলেন, কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। আমরা ১৮কিংবা ১৯এপ্রিল কলকাতায় বসে ১৩জনের তালিকা রেডি করব। সেখানে ওই দুই মহকুমার বিধায়ক এবং জেলা সভাপতি থাকবেন। ১৩জনের মধ্যে দু’জন মহিলা এবং একজন এসসি কিংবা এসটি সম্প্রদায় থেকে আসবেন। রাজ্য সভাপতির অনুমোদন নিয়ে লিস্ট তৈরি করা হবে।
ওই ব্যাঙ্কের নির্বাচনের দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার অমিয় হোতা বলেন, ৩এপ্রিল ডিরেক্টর নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ১০মে সকাল ১১টা থেকে দুপুর ২টার পর্যন্ত সময়সীমা রাখা হয়েছে। ওইদিন ফল প্রকাশ হবে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ