সংবাদদাতা, কাঁথি: সৈকতশহর দীঘার রাজপথে দ্বিতীয়বার গড়াতে চলেছে প্রভু জগন্নাথের রথের চাকা। বৃহস্পতিবার বিশ্বাস, ঐক্য, ভক্তি ও মানবতার আধ্যাত্মিক মেলবন্ধনে হাজার হাজার ভক্তের রশির টানে প্রভু জগন্নাথদেব মূল মন্দির থেকে পৌঁছাবেন মাসিরবাড়ি। তার প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। রথ, মন্দির চত্বর থেকে শুরু করে রাস্তাঘাট-সর্বত্রই সেজে উঠেছে। দীঘা জগন্নাথ মন্দিরের দ্বিতীয় বছরের রথযাত্রায় নতুন আকর্ষণ পুরীর রাজমুকুট। রথযাত্রার দিন জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার মাথায় চড়ানো হবে পুরী থেকে আনা বিশেষ রাজমুকুট। এছাড়া পুরীর রথযাত্রার সমস্ত নিয়ম মেনে জাঁকজমক ও জৌলুসের মধ্য দিয়ে রথযাত্রা উৎসব পালিত হবে। রঙিন আলোকমালায় মন্দির প্রাঙ্গণ সেজে উঠেছে জগন্নাথদেবের মাসিরবাড়ি পর্যন্ত এলাকা। গতবারের মতো এবারও রথযাত্রায় ভক্তদের ব্যাপক ভিড় হবে বলে আশা করছেন পুলিশ-প্রশাসনের আধিকারিক সহ সংশ্লিষ্ট সকলে।
মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, রথযাত্রা সকালে ‘পাহান্ডি বিজয়’ চলাকালীন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নতুন পোশাকে সাজিয়ে তোলার পাশাপাশি মাথায় পরানো হবে ওই বিশেষ রাজমুকুট। গতবছর প্রথমবার রশি টেনে রথযাত্রার সূচনা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার মন্ত্রী-আমলাদের উপস্থিতিতে ব্যাপক নিরাপত্তার কারণে রথের রশির কাছে ভক্তরা সরাসরি পৌঁছতে পারেননি। তবে এবারে একেবারে রথের রশি টানতে পারবে সাধারণ মানুষ। একথা আগেই জানানো হয়েছে। সেজন্য যাবতীয় নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ-প্রশাসন। এবছর ২নম্বর গেটের সামনে রথাত্রার সূচনা হবে। সূচনা করবেন কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। ইতিপূর্বে মন্দির কর্তৃপক্ষের তরফে তাঁকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। উল্টোরথের দিন উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রথযাত্রায় ভিড় সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় জগন্নাথ মন্দিরের সামনে থেকে ওল্ড দীঘা পর্যন্ত রাস্তার দু’ধারে ফুটপাতের পাশে বিশেষ লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। মূল সড়কে রথ টানার পাশাপাশি ফুটপাতের পাশ থেকে নির্বিঘ্নে রথ দর্শন করতে পারবেন ভক্তরা। রথের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে আকাশপথে ড্রোনের মাধ্যমে নজরদারি চলবে। প্রচুর পুলিশ মোতায়েন থাকার পাশাপাশি থাকবে মহিলা পুলিশের বিশেষ টিম। দমকল বিভাগের তরফে বিশেষ ফায়ার ফাইটিং ইউনিটও রাখা হবে নিউ দীঘা এবং ওল্ড দীঘার দুটি পয়েন্টে। পাশাপাশি জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা জুড়ে লাগানো হচ্ছে কয়েকশো সিসি ক্যামেরা। কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাবেন পুলিশ আধিকারিকরা।
দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার এক আধিকারিক বলেন, ভক্ত সমাগমের কথা মাথায় রেখে পর্যাপ্ত পানীয় জল, শৌচালয়, প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত রাখা হয়েছে। উল্লেখ্য, গতবছর প্রথমবার জগন্নাথদেবের রথের চাকা গড়ানো শুরু হতেই বেশকিছু সমস্যা দেখা দিয়েছিল। রথের চাকার উপর জড়ানো লোহার বেড়ি খুলে গিয়েছিল। যাত্রাপথে বারবার থমকে গিয়েছিল রথ। ফলে তিনটি রথ পৌঁছাতে বেশ দেরি হয় মাসিরবাড়িতে। এবছর তাই চাকায় বদল আনা হয়েছে। রথের চাকায় লোহার বেড়ি খুলে চাকায় লাগানো হয়েছে টায়ার। চাকায় টায়ার লাগানোর পর মন্দির কর্তৃপক্ষের তরফে সম্প্রতি সফলভাবে তিনটি রথের ট্রায়াল রানও করা হয়েছে। জগন্নাথ মন্দির ট্রাস্ট কমিটির সদস্য রাধারমণ দাস বলেন, দ্বিতীয় বছরের রথযাত্রা উৎসব সাফল্যমণ্ডিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয়ে প্রতিটি পদক্ষেপই করা হচ্ছে।