Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সামান্য বৃষ্টি হলেই ভাসে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মভিটে যাওয়ার রাস্তা

সামান্য বৃষ্টি হলেই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মভিটেতে যাওয়ার রাস্তা নবদ্বীপের প্রাচীন মায়াপুর মেইন রোড জলমগ্ন হয়ে পড়ে

সামান্য বৃষ্টি হলেই ভাসে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মভিটে যাওয়ার রাস্তা
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: সামান্য বৃষ্টি হলেই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মভিটেতে যাওয়ার রাস্তা নবদ্বীপের প্রাচীন মায়াপুর মেইন রোড জলমগ্ন হয়ে পড়ে। এতে ভক্তদের মহাপ্রভুর জন্মস্থান মন্দিরে যেতে সমস্যায় পড়তে হয়। স্থানীয়রা জানান, নিকাশি সমস্যার কারণেই জল জমে যাচ্ছে। সমস্যা মেটাতে পুরসভার উদ্যোগ চোখে পড়ছে না বলে তাঁদের অভিযোগ।

Advertisement

নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা বলেন, ওই এলাকায় জল জমে থাকার সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। নিচু এলাকায় হওয়ায় এখানে জল বের করার মতো পথ পাওয়া যাচ্ছিল না। অবশেষে একটা পথ খুঁজে পাওয়া গিয়েছে। আমরা এখানে একটি নিকাশিনালা তৈরি করব। সেই নালার মাধ্যমে জল বেরিয়ে যাবে।
প্রাচীন মায়াপুরের যশোদা সাহার গলি থেকে গৌরাঙ্গ জন্মস্থান মন্দিরের আগে পর্যন্ত ওই রাস্তা গিয়েছে। বৃষ্টি হলেই রাস্তাটির বেশ কয়েকজায়গায় জল জমে যায়। মন্দিরে যাওয়ার এই মূল রাস্তার একদিকে শহরের ৫নম্বর ওয়ার্ড, অপরদিকে ২১নম্বর ওয়ার্ড। এলাকাবাসীর অভিযোগ, নিকাশিনালা তৈরির জন্য বারবার মাপজোক হলেও এখনও সুরাহা হয়নি।
গৌরাঙ্গ জন্মস্থান মন্দির লাগোয়া মেইন রোডের বাসিন্দা মমতা দাস বলেন, রাস্তায় তো জল জমে থাকছেই। বৃষ্টি বেশি হলে বাড়িতেও জল ঢুকে যাচ্ছে। আমার বাড়ির উল্টোদিকে রাস্তার পাশের অংশ ফুটপাতের মতো উঁচু করা হয়েছে। আগে যখন তা ছিল না, তখন জল ওইপাশ দিয়ে মাঠে নেমে যেত। কিন্তু এখন আর জল বেরতে পারে না। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথে গৌরাঙ্গ জন্মস্থান মন্দিরে যান। অল্প বৃষ্টিতেই জল জমে যাওয়ায় তাঁদের ভোগান্তির মুখে পড়তে হয়। প্রাচীন মায়াপুর রাধা মদনগোপাল মন্দিরের অন্যতম সেবায়েত প্রভুপাদ কৃষ্ণগোপাল গোস্বামী বলেন, এই রাস্তার পাশে আমাদের মন্দির। ভক্তদের মন্দির দর্শনে জল পেরিয়ে আসতে হচ্ছে। এই সমস্যার কথা বারবার স্থানীয় কাউন্সিলারকে বলেছিলাম। কিন্তু কোনও সুরাহা হয়নি। প্রাচীন মায়াপুর আদ্যা মন্দির লাগোয়া এলাকার বাসিন্দা গৌর সাহা বলেন, বাইরের দর্শনার্থীদের কাছে হেরিটেজ শহর নবদ্বীপের মান রাখতে রাস্তায় জল জমে থাকা বন্ধ করা দরকার। প্রাচীন মায়াপুরের বাসিন্দা তথা পুরসভার ১৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুকুমার রাজবংশী বলেন, আগে এই এলাকায় এত বাড়িঘর ছিল না। ফাঁকা জায়গা দিয়ে জল বেরিয়ে যেত। এখন জনবসতি বেড়ে যাওয়ায় জল বেরনো মুশকিল। জন্মস্থান মন্দির যাওয়ার রাস্তার কিছু অংশে জল জমছে। এখানকার ভূমিরূপ এমনই যে, জল বের করার জন্য নালা তৈরির পথই পাওয়া যায় না। তবে এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে জল বের করার পথ খোঁজা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ