Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

একবছর নদীর উপর ঝুলছিল, শেষঅবধি ভেঙেই পড়ল রাস্তা

গ্রামবাসীদের আশঙ্কাই সত্যি হল! ভেঙে পড়ল সাগরপাড়ার কাজিপাড়া পশ্চিমপাড়ার কংক্রিটের রাস্তার ঝুলন্ত অংশ

একবছর নদীর উপর ঝুলছিল, শেষঅবধি ভেঙেই পড়ল রাস্তা
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ডোমকল: গ্রামবাসীদের আশঙ্কাই সত্যি হল! ভেঙে পড়ল সাগরপাড়ার কাজিপাড়া পশ্চিমপাড়ার কংক্রিটের রাস্তার ঝুলন্ত অংশ। রবিবার সকালে হঠাৎ করেই ভেঙে পড়ে রাস্তাটির ওই অংশ। তবে ওই সময়ে রাস্তায় কেউ না থাকায় কারও ক্ষয়ক্ষতি হয়নি। তবে দিনের পর দিন রাস্তাটি ঝুলে থাকলেও পঞ্চায়েত-প্রশাসন কোনও ব্যবস্থা না নেওয়ায় এই ঘটনা ঘটল বলে অভিযোগ স্থানীয়দের।

Advertisement

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বছর খানেক ধরেই বিপজ্জনক হয়ে পড়েছিল কাজিপাড়ার রাস্তার ওই অংশ। রাস্তার এক পাশে রয়েছে নয়ানজুলি। গত বছরের বর্ষার সময় জলের তোড়ে সরে গিয়েছিল ওই রাস্তার বেশ কিছুটা অংশের মাটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছর খানেক ধরে ওই অংশটির মেরামতির দাবি জানিয়ে এলেও কোনও উদ্যোগ নেয়নি পঞ্চায়েত। তবে এবারের বর্ষায় জলের তোড়ে প্রায় ১৫ ফুট দৈর্ঘ্যব্যাপী রাস্তার ওই অংশের নীচের মাটি সরে গিয়েছিল। রাস্তাটি কার্যত ঝুলে ছিল। স্থানীয়দের অভিযোগ, আগেই বহুবার পঞ্চায়েতকে সতর্ক করা হয়েছিল। কিন্তু সংস্কারের কোনও উদ্যোগ না নেওয়ায় সেই শঙ্কাই সত্যি হল। রবিবার রাস্তার ওই অংশটি ভেঙে পড়ে যায়। এর ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাস্তার দুই দিকের অংশ। ফলে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে ওই রাস্তা দিয়ে চলাচলকারী আশপাশের গ্রামের বাসিন্দাদের। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দা জিয়ারুল হক বলেন, বছরখানেক ধরে ঝুলে ছিল রাস্তাটি। আমরা বারবার বলেছি বিপদ ঘটবে। কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। আজ সেটাই হল। এখন পুরো গ্রাম বিপাকে পড়েছে। দেবীপুর পঞ্চায়েতের প্রধান আরফিনা বিবি বলেন, ওই রাস্তার টেন্ডার ও ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছিল। কিন্তু ফান্ডের টাকা না আসায় কাজ শুরু করা যায়নি। সাত দিনের মধ্যে কাজ শুরু করব। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ