নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বর্ষাকাল। লাগাতার বৃষ্টি হচ্ছে। রাজারহাট-গোপালপুর বিধানসভার একাধিক জায়গায় জল জমছে। দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। তাদের দাবি, সিপিএমের আমল, তৃণমূলের আমলের পর একই দুর্ভোগ বিজেপির আমলেও। চারদিন আগেও বিভিন্ন জায়গায় প্রচুর জল জমেছিল।
জল যন্ত্রণা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য রেখেছেন বিজেপির বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি। তিনি ওইদিন রাজারহাট-গোপালপুরের বাসিন্দাদের উদ্দেশে লিখেছিলেন, ‘জমা জলে কষ্ট হচ্ছে জানি, একটু সময় দিন জল নেমে যাবে। কারণ পাম্প চালু করা হয়েছে। এই অসুবিধাটার কারণ আমি বা বিজেপি সরকার নয় এটার সম্পূর্ণ দায় যায় তৃণমূল এবং তার আগের বামফ্রন্টের উপর। আপনাদের অসুবিধা হচ্ছে এবং সেই কারণে দোষ না থাকা সত্ত্বেও আমি ক্ষমাপ্রার্থী।’
বিধায়কের আরও দাবি, ‘১৫ বছরের সমস্যার সমাধান কয়েক মাসে করতে হলে আমার একটা আলাদিনের আশ্চর্য প্রদীপ লাগবে। যতদিন পর্যন্ত সেই প্রদীপ পাওয়া যাচ্ছে না, ততদিন বাস্তবসম্মত উপায়েই সমস্যা সমাধানের চেষ্টা করে যেতে হবে। কলকাতা এবং শহরতলিকে লন্ডন বানাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে ভেনিস প্রকল্প চালু করেছিলেন। সেই দুয়ারে ভেনিস প্রকল্প থেকে কলকাতা এবং কলকাতা শহরতলিকে আগের জায়গায় ফিরিয়ে আনতে একটু সময় লাগবে। রাজারহাট-গোপালপুর বিধানসভার বিভিন্ন এলাকায় বর্ষাকালে জল জমার সমস্যা আজকের নয়। বহু বছরের এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমরা ধারাবাহিকভাবে কাজ করে চলেছি। ১৫ বছরের একটি সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমাদের সবাইকেই একটু ধৈর্য ধরতে হবে।’
বিধায়ক প্লাস্টিক এবং আবর্জনা ফেলা নিয়েও নাগরিকদের সচেতন করে লিখেছেন, একটি বিষয় নিশ্চয় আপনাদের চোখে পড়েছে—জমে থাকা জলের উপর প্রচুর প্লাস্টিক ও আবর্জনা ভেসে বেড়াচ্ছে। কারা এগুলো নালা, ড্রেন বা রাস্তায় ফেলে? শুধু প্রশাসনের পক্ষে এই সমস্যার সম্পূর্ণ সমাধান সম্ভব নয়। নাগরিক হিসাবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। আমরা যদি প্লাস্টিক ও আবর্জনা যেখানে সেখানে না ফেলি, তাহলে নিকাশি ব্যবস্থা অনেক বেশি কার্যকর থাকবে এবং জল জমার সমস্যাও অনেকটাই কমবে।’