শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: নিয়োগ বন্ধ হয়ে যাওয়ার পরেও, নিয়ম ভেঙে সিভিক ভলান্টিয়ার নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেবল কলকাতা পুলিশের সাউথ ডিভিশনের জন্য নেওয়া হয়েছিল ১৫০ জন ছেলেমেয়ে। কোনো বিজ্ঞাপন পর্যন্ত দেওয়া হয়নি। কলকাতা পুলিশের ডিসি পদযর্মাদার প্রাক্তন অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের সুপারিশেই তাঁরা চাকরি পান কলকাতা পুলিশে। অভিযোগ গোটা বিষয়টি জানত কালীঘাট। পালাবদলের পর বেআইনি এই নিয়োগ নিয়ে এবার অনুসন্ধান শুরু করেছে নবান্ন। কারা কারা এই নিয়োগের দায়িত্বে ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় ২০২২ সালে ক্ষমতায় আসার পর সিভিক ভলান্টিয়ার নিয়োগ করেন। এরজন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। প্রথমদিকে আবেদনকারীদের ঝাড়াইবাছাই করে নিয়োগ করা হয়। পরের দিকে বিজ্ঞাপন প্রকাশিত হলেও পূর্বতন শাসক দলের ক্যাডাররাই সিভিকের চাকরি পেতেন বলে অভিযোগ। আদালতের বিভিন্ন নির্দেশের ফলে তদানীন্তন রাজ্য সরকার সিভিক নিয়োগ বন্ধ করে দেয়। কিন্তু এরপরেও যে সিভিক নিয়োগ হয়েছে, তা পালাবদলের পর জানা যাচ্ছে। ঝাড়াইবাছাই করতে গিয়ে দেখা যায়, ২০২১-২০২৫ পর্যন্ত দফায় দফায় শুধু কলকাতা পুলিশের সাউথ ডিভিশনে নিয়োগ হয়েছে ১৫০ জন সিভিক। অথচ এরজন্য কলকাতা পুলিশের তরফে কোনো বিজ্ঞাপন বের হয়নি। তাহলে কীভাবে নিয়োগ হল, এই নিয়ে এবার বিতর্ক শুরু করেছে। আর শুধু সাউথ ডিভিশনের জন্যই কেন এই নিয়োগ, তা নিয়েও প্রশ্ন উঠেছে। নবান্নের প্রশাসনিক কর্তারা জানতে পারছেন, এই সিভিক নিয়োগ করেছিলেন শান্তনু সিনহা বিশ্বাস। অভিযোগ, তৃণমূল পরিবারের ছেলেমেয়েদেরই শুধু নিয়োগ করা হয়েছিল। মমতা জমানায় প্রভাবশালী এই পুলিশ অফিসার লালবাজারের কর্তাদের সুপারিশ করেন সাউথ ডিভিশনে আইনশৃঙ্খলা রক্ষার ডিউটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা রক্ষা সহ বিভিন্ন কাজের জন্য সিভিক দরকার রয়েছে। পুলিশ মহলের একাংশের দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই নিয়োগে সায় ছিল। যে কারণে কর্তারা নিয়োগে বাধ্য হন। জানা যাচ্ছে শান্তনুবাবু তালিকা লালবাজারে পাঠাতেন। সেই তালিকায় যাঁদের নাম থাকত, তাঁদের সিভিকে নিয়োগ করা হয়। ক্ষমতা পরিবর্তনের পর এই নিয়োগ নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, খাতায়কলমে সিভিকরা ডিউটিরত দেখানো হলেও, বাস্তবে তৃণমূল পার্টির হয়ে বিভিন্ন কাজকর্ম দেখভাল করতেন। অভিযোগ, শান্তনুবাবু যে সমস্ত গোপন কাজ দিতেন, সেগুলি তাঁরা সম্পন্ন করতেন বলে জানা যাচ্ছে। এই সমস্ত সিভিকদের নামের তালিকা নবান্নের হাতে এসেছে। তাঁরা এখন কোথায় এবং কী কাজ করছেন, তাই নিয়ে তথ্য জোগাড় চলছে বলে খবর।



