নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নর্থইস্ট ইউনাইটেড আইএসএলের দল। গতবারের ডুরান্ড কাপ চ্যাম্পিয়নও। অন্যদিকে, মাত্র পাঁচ বছরের ক্লাব ডায়মন্ডহারবার এবার আই লিগে খেলবে। স্বাভাবিকভাবেই সাংবাদিক সম্মেলনে নর্থইস্টের কোচ পেড্রো বেনালিকে প্রশ্ন করা হয়, ‘নর্থইস্ট তো ফেভারিট হিসেবেই নামবে...’ প্রশ্ন মাঝপথে থামিয়েই তাঁর জবাব, ‘ফাইনালে কেউ আইএসএল, আই লিগের ক্লাব হয় না। কেউ নতুন-পুরনো হয় না। স্নায়ুর চাপ সামলে যে দল ভালো খেলবে তারাই বাজিমাত করবে।’ একটু থেমে তাঁর সংযোজন, ‘আর ডায়ন্ডহারবার তো বেশ শক্তিশালী দল। ইস্ট বেঙ্গলকে হারিয়েছে। ওদের কোচও খুব ভালো। হাড্ডাহাড্ডি লড়াই হবে।’বেনালি মুখে যাই বলুন, অভিজ্ঞতার নিরিখে তাঁরা অবশ্যই এই ম্যাচে এগিয়ে। আর কৌশল গোপন রাখার জন্য শুক্রবার বিকেলে আলেদাইনরা কলকাতায় পা রেখেছেন।
পক্ষান্তরে, মোহন বাগান-ইস্ট বেঙ্গলের বিদায়ের পর ডুরান্ডে বাংলার পতাকাবাহক ডায়মন্ডহারবার। ফাইনালে নর্থইস্টকে হারিয়ে ট্রফি বাংলায় ফেরাতে বদ্ধপরিকর কোচ কিবু। সাংবাদিক সম্মেলনে তিনি বলছিলেন, ‘নর্থইস্ট গতবারের চ্যাম্পিয়ন। আলেদাইনের মতো ফুটবলার রয়েছে। কিন্তু সবসময় ফেভারিট দল জেতে না। লড়াইয়ের মানসিকতা এবং পরিকল্পনামাফিক খেললে সবই সম্ভব। টিম গেমেই আমরা ইস্ট বেঙ্গলকে হারিয়েছে। ছেলেরা ফাইনালের লড়াইয়ের জন্যও তৈরি।’ তিনি আরও বলেন, ‘বাংলার সম্মানরক্ষার জন্য চেষ্টার ত্রুটি রাখব না। তাই চাইব, বাংলার ফুটবলপ্রেমীরা ফাইনালে মাঠে আসুন।’
এদিকে, ফাইনালের আগে আইএসএলের অনিশ্চয়তার ব্যাপারে প্রশ্ন করা হয় নর্থইস্ট কোচ বেনালিকে। তিনি বলেন, ‘ভারতীয় ফুটবল খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের সর্বোচ্চ লিগে অনিশ্চয়তা ঘিরে ফুটবলার-কোচ প্রত্যেকে চিন্তিত। দ্রুত সমস্যা মেটানো হোক।’ পাশাপাশি খালিদ জামিলকে ভারতীয় জাতীয় দলের কোচ করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তিনি। এবার ডুরান্ড কাপের আর্থিক মূল্য বাড়ানো হয়েছে। বিজয়ী দল পাবে এক কোটি ২১ লক্ষ টাকা। রানার্স-আপ দলকে দেওয়া হবে ৬০ লক্ষ টাকা।