এশিয়ান প্যারা গেমসে তিনবারের সোনাজয়ী নীরজ যাদবের রহস্যমৃত্যু, শোকস্তব্ধ গোটা দেশ
  • ২৮ অক্টোবর, ২০২৬ ১২:৫৮
Prefer us on Google

নয়াদিল্লি, ২৮ অক্টোবর: মর্মান্তিক ঘটনা। শোকের ছায়া ক্রীড়ামহলে। এশিয়ান প্যারা গেমসে তিনটি সোনার পদকজয়ী ভারতের প্যারা অ্যাথলিট নীরজ যাদবের মৃত্যুতে বড়ো ধাক্কা ভারতের। এদিন দিল্লির একটি হাসপাতালে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আশঙ্কা, বাড়িতে বিষ খেয়েই আত্মঘাতী হয়েছেন নীরজ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও পর্যন্ত নিশ্চিত নয়।

Advertisement

জানা গিয়েছে, ভারতীয় প্যারা অ্যাথলেটিক্স দলের প্রধান কোচ এস সত্যনারায়ণ নীরজের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন। ৪২ বছর বয়সি নীরজ এফ৫৫ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতেন। চলতি মাসে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে ডোপিং সাসপেনশনের কারণে তিনি অংশ নিতে পারেননি। এই ঘটনার পর থেকেই মানসিক চাপে ছিলেন তিনি। তবে তাঁর মৃত্যুর সঙ্গে এই ঘটনার সরাসরি সম্পর্ক রয়েছে কী না তা এখনও স্পষ্ট নয়। ভারতের অন্যতম সফল প্যারা অ্যাথলিট নীরজ ২০১৮ সালে জাকার্তা এশিয়ান প্যারা গেমসে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন। ২০২৩ সালে হাংঝৌ এশিয়ান প্যারা গেমসে জ্যাভলিন ও ডিসকাস থ্রো দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়েন এই ভারতীয় অ্যাথলিট। সাত বছর বয়সে পোলিও পরবর্তী পক্ষাঘাতে আক্রান্ত হন নীরজ। প্রথমে হুইলচেয়ার টেনিসে যুক্ত থাকলেও পরে প্যারা অ্যাথলেটিক্সে যোগ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য অর্জন করেন তিনি। তাঁর মৃত্যুতে গোটা ক্রীড়ামহলে শোকের ছায়া নেমে এসেছে ইতিমধ্যেই।