নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রনজির প্রথম দিনে কেরলের বিরুদ্ধে প্রবল চাপে ছিল বাংলা। ৬ উইকেটে ১৭২ তুলেছিল সফরকারী দল। তবে শাহবাজ আহমেদের লড়াকু শতরানের সৌজন্যে মঙ্গলবার ঘুরে দাঁড়িয়েছে বাংলা। ৮টি চার ও ৪টি ছক্কা সহ ২০৩ বলে ১২১ রানের অনবদ্য ইনিংস উপহার দেন তিনি। সেই সুবাদে প্রথম ইনিংসে অভিমন্যু ঈশ্বরণ ব্রিগেড তুলেছে ৩৫০। এরপর বল হাতেও দু’টি উইকেট তুলে নিয়েছেন শাহবাজ। এছাড়া মহম্মদ সামির শিকার ৩টি উইকেট। তাঁদের দাপটেই দ্বিতীয় দিনের শেষে কেরলের স্কোর ৬ উইকেটে ১০১। এখনও ২৪৯ রানে পিছিয়ে হোম টিম।
চাপের মুখে জ্বলে উঠা শাহবাজের পুরানো অভ্যাস। সোমবার খেলার শেষে তাঁর স্কোর ছিল ৩৫। এদিন রীতিমতো দায়িত্ব নিয়ে বাংলাকে টানলেন তিনি। হাফ-সেঞ্চুরির পর আরও জমাট দেখায় তাঁকে। পাশাপাশি, প্রশংসা করতে হবে সুমন্ত গুপ্তরও। এদিন তিনি শাহবাজকে যোগ্য সঙ্গত করেন। চাপের মুখে সপ্তম উইকেটে তাঁদের জুটি স্কোরবোর্ডে ১০৩ রান যোগ করেন। সেটাই অক্সিজেন জোগায় বঙ্গ-ব্রিগেডকে। তবে অর্ধশতরান থেকে ১ রান দূরে থামেন সুমন্ত। যদিও এই আউট নিয়ে বিতর্ক রয়েছে। শাহবাজ অবশ্য শতরান হাঁকিয়েই ক্ষান্ত হননি। শেষ দিকে প্রদীপ্ত প্রামাণিক (১৭) ও মহম্মদ সামি (১৭) মূল্যবান অবদান রাখেন।
জবাবে ব্যাট করতে নেমে অস্বস্তিতে কেরল। ৯৭ রানে ৬ উইকেট খোয়ায় তারা। পেস-স্পিনের সাঁড়াশি আক্রমণে রীতিমতো দিশাহারা বিষ্ণু বিনোদ বাহিনী। মহম্মদ সামিকে দেখাচ্ছে বিধ্বংসী। ৮ ওভার হাত ঘুরিয়ে ২০ রানের বিনিময়ে ৩ উইকেট নেন তিনি। এছাড়া স্পিনে ভেলকি দেখাচ্ছেন শাহবাজ ও প্রদীপ্ত।



