লন্ডন: দীর্ঘ আড়াই দশকের অপেক্ষার অবসান। মাইকেল আওয়েনের পর অবশেষে কোনো ইংলিশ ফুটবলারের হাতে উঠল ব্যালন ডি’ওরের মহার্ঘ্য ট্রফি। ২০২৫-২৬ মরশুমে ক্লাব ও দেশের জার্সিতে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ফরাসি ম্যাগাজিনের বর্ষসেরা পুরস্কার জিতলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। সোমবার লন্ডনের পালাডিয়াম অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভোটের নিরিখে কিলিয়ান এমবাপে, লামিনে ইয়ামালদের পিছনে ফেলে বর্ষসেরা পুরস্কার জিতলেন বায়ার্ন তারকা। গত মরশুমে ক্লাব ও দেশের হয়ে ৬৫ ম্যাচে ৭৩টি গোল রয়েছে তাঁর ঝুলিতে। পাশাপাশি বিশ্বকাপে হ্যারি কেনের লক্ষ্যভেদের সংখ্যা ৫।
মহিলাদের বিভাগে টানা তৃতীয়বারের জন্য বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন স্পেনের আলেক্সিয়া পুতেলাস। সেরা উদীয়মান ফুটবলার লামিনে ইয়ামাল। আর সেরা কোচ নির্বাচিত হন স্পেনের লুই ডে লা ফুয়েন্তে। সোমবার সকলের নজর ছিল পুরুষদের বর্ষসেরা পুরস্কারের দিকে। অনুষ্ঠান শুরুর এক ঘণ্টা আগে হঠাৎই আয়োজকদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বিজয়ী হিসাবে হ্যারি কেনের নাম ঘোষণা করা হয়। একইসঙ্গে এমবাপে ও ইয়ামালকে নিয়ে একইভাবে পোস্ট হতেই শুরু হয় বিতর্ক। যদিও পরের মুহূর্তেই আয়োজকদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে সব পোস্ট মুছে দেওয়া হয়। এরপরই আনুষ্ঠানিকভাবে হ্যারি কেনের হাতে ব্যালন ডি’ওর ট্রফি তুলে দেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনাল্ডো।
৩৩ বছর বয়সে ব্যালন ডি’ওর জয়ের জন্য হ্যারি কেনকে অভিনন্দন জানালেন বিরাট কোহলি। উল্লেখ্য, বিলেতে থাকার সুবাদে ইংল্যান্ড অধিনায়কের সঙ্গে ভারতীয় তারকার বন্ধুত্ব বহুদিনের। একাধিকবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। তাই ব্যালন ডি’ওর জয়ের পর কেনকে অভিনন্দন জানাতে ভোলেননি ভিকে।



