চেন্নাই: ব্যর্থতা ঝেড়ে নতুন ভাবে ঘুরে দাঁড়াতে মরিয়া চেন্নাই সুপার কিংস। তাই কোচিং স্টাফেও বড় বদল আনল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। আগেই হেড কোচ স্টিফেন ফ্লেমিং বিদায় নিয়েছিলেন। মঙ্গলবার পাঁচ সাপোর্ট স্টাফকেও ছেড়ে দেওয়া হল। সেই সঙ্গে নতুন কোচিং স্টাফের নামও ঘোষণা করেছে সিএসকে ম্যানেজমেন্ট। নতুন দায়িত্ব দেওয়া হয়েছে অ্যালবি মর্কেল ও মোহিত শর্মাকে। অতীতে চেন্নাইয়ের হয়ে দীর্ঘ দিন আইপিএলে খেলেছেন দুই ক্রিকেটার। প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার মর্কেল দলের সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন। আর মোহিতকে নিয়োগ করা হয়েছে বোলিং কোচ হিসেবে। এছাড়াও রয়েছেন জেমস ফস্টার, গ্যারেথ ব্যাটি ও শ্রীধরণ শ্রীরামরা। নতুন এই সাপোর্ট স্টাফদের নিয়ে ফের চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামতে চায় সিএসকে।



