নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কিছু বাড়তি ছাড় দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া সম্পত্তি করের বড়ো অংশ আদায় করতে ওয়েভার স্কিম চালু করেছে কলকাতা পুরসভা। ছ’মাসের জন্য এই স্কিম চালু হয়েছে। এপ্রিল পর্যন্ত বকেয়া বা অনাদায়ী সম্পত্তি কর জমা করতে পারবেন করদাতারা। সেই কাজে এবার সম্পত্তি কর মূল্যায়ন এবং রাজস্ব আদায় বিভাগের আধিকারিকদের টার্গেট বেঁধে দিল পুর কর্তৃপক্ষ। এই বিভাগের বিভিন্ন ইউনিট মিলিয়ে ওয়েভার স্কিমে প্রতি মাসে অন্তত ১৩০ কোটি টাকা রাজস্ব আদায়ের টার্গেট দেওয়া হয়েছে। কিন্তু ওয়েভারে নাগরিকদের অংশগ্রহণ এবং রাজস্ব আদায়ের যে গতি রয়েছে, তা বেশ চিন্তার বলে মনে করছেন সংশ্লিষ্ট পুরকর্তারা। পাশাপাশি, ‘ব্যাড ডিমান্ড’ বা সম্পত্তি করের বাতিল হওয়া বিলগুলি চিহ্নিত করে সিস্টেম থেকে বাদ দিতে বলা হয়েছে। এর ফলে বকেয়া সম্পত্তি করের সঠিক পরিমাণ নিশ্চিত করা যাবে।
কলকাতা পুরসভার সম্পত্তি কর আদায়ের ক্ষেত্রে মোট আটটি শাখা বা ইউনিট রয়েছে। উত্তর, দক্ষিণ, টলি ট্যাক্স, বরো ১১ ও ১২, সার্দান সুবারবান ইউনিট বা এসএসইউ, গার্ডেনরিচ ও জোকা। প্রত্যেকটি ইউনিটকে ওয়েভার স্কিমে টাকা আদায়ের নির্দিষ্ট টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। প্রতি মাসে সেই টার্গেট পূরণ করতে ঝাঁপাতে হবে। সম্প্রতি ওয়েভার নিয়ে রিভিউ বৈঠক করেছিলেন পুরসভার প্রশাসক তথা কমিশনার স্মিতা পান্ডে। কীভাবে আরও জোরদার প্রচার করা যায়, আরও কী কী উপায়ে ওয়েভার স্কিমে করদাতাদের অংশগ্রহণ বাড়ানো যায়, সেসব নিয়ে সেখানে আলোচনা হয়। ইতিমধ্যে অটো মাইকিং, সোশ্যাল মিডিয়ায় প্রচারে জোর দিয়েছে পুরসভা। বকেয়া রাখা করদাতাদের চিহ্নিত করে বাড়ি বাড়ি বিল নিয়ে যাচ্ছেন পুরকর্মীরা। ফোন করাও হচ্ছে। পাঠানো হচ্ছে এসএমএস। কিন্তু তারপরেও ওয়েভারে বকেয়া আদায়ের গতি শ্লথ। তাই টার্গেট পূরণ করা নিয়ে চিন্তিত পুরকর্তারা। যদিও ডিসেম্বরে উৎসবের মরশুম শেষ হলে জানুয়ারি থেকে কর আদায়ের পরিমাণ বাড়তে পারে। অর্থবর্ষ শেষে তড়িঘড়ি করদাতারা ট্যাক্স দিতে ঝাঁপাবেন বলে আশাবাদী পুরকর্তারা।



