বড়োদের দুষ্টুমি
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আইজ্যাক নিউটন: ইঁদুর যখন কলের চালক! 

Advertisement

শিশুরা যখন খেলনা নিয়ে খেলতে পছন্দ করে, তখন খেলার চেয়ে খেলনা বানাতে বেশি আনন্দ পেতেন আইজ্যাক নিউটন! অন্য শিশুরা যখন মাঠে ছুটোছুটি করছে, তখন তাঁর মন পড়ে থাকত কাঠ, দড়ি, চাকা আর নানা যন্ত্রপাতির মধ্যে। কীভাবে একটি জিনিস চলে, কীভাবে অন্য একটি জিনিসকে চালানো যায়— এসব প্রশ্ন তাঁকে ভাবিয়ে তুলত। আর সেই ভাবনা থেকেই জন্ম নিত একের পর এক অদ্ভুত কাণ্ড। শৈশবে নিউটন একটি ছোট্ট হাওয়াচালিত কল তৈরি করেছিলেন। শুধু কল বানিয়েই থেমে থাকেননি। সেটিকে চালানোর জন্য কাজে লাগিয়েছিলেন একটি ইঁদুরকে! কলের সঙ্গে খাবারের ব্যবস্থা করে ইঁদুরটির চলাচলকে কাজে লাগানোর চেষ্টা করেছিলেন। ছোট্ট এই যন্ত্রটির মধ্যে ছিল এক শিশুমনের অসাধারণ কৌতূহল। এছাড়াও জলঘড়ি, সূর্যের ছায়া দেখে সময় নির্ণয়ের ব্যবস্থা, এমনকি বাতাসে উড়তে পারে এমন ঘুড়ির সঙ্গেও নানা পরীক্ষা-নিরীক্ষা করতেন। তাঁর কাছে খেলা ও বিজ্ঞান ছিল একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এমন শিশুই যে প্রকৃতির জটিল নিয়ম বুঝে সর্বপ্রথমপ্রকাশ্যে আনবেন মহাকর্ষের সূত্র, এ আর এমন কী বিস্ময়ের! 

কিশোর কুমার: অঙ্ক খাতায় কীসব আঁকিবুঁকি! 

কিশোর কুমারের নাম উঠলেই মনে পড়ে যায় তাঁর অদ্ভুতুড়ে স্বভাব, খামখেয়ালি আচরণ আর বাঁধাধরা নিয়মের বাইরে চলার প্রবণতা। মধ্যপ্রদেশের খণ্ডোয়ায় কেটেছিল তাঁর ছেলেবেলা। বাড়িতে ডাকনাম ছিল আভাস। ছোটো থেকেই গান, অভিনয় আর পশুপাখির প্রতি ছিল তাঁর বিশেষ আকর্ষণ। দাদা অশোক কুমার ও অনুপ কুমারের মতো তিনিও অভিনয় ও গানের জগতে আসবেন, এমনটা তখনও কেউ ভাবেননি। তবে গান শোনার এবং গাওয়ার নেশা ছিল প্রবল। বিশেষ করে কে এল সায়গলের গান তাঁকে ভীষণ টানত। ছোটোবেলায় সায়গল সাহেবের গান অনুকরণ করে গাইতেন। তাঁর কণ্ঠে নকল করার ক্ষমতাও ছিল অসাধারণ। তাঁর স্বভাবে আর একটি মজার দিক ছিল পশুপাখির প্রতি টান। প্রাণীদের ডাক নকল করা, তাদের আচরণ লক্ষ করা, এসবের মধ্যে আনন্দ খুঁজে পেতেন। একবার পঞ্চম শ্রেণিতে পড়ার সময় অঙ্ক পরীক্ষা দিতে বসেছেন ছোট্ট আভাস। কিন্তু অঙ্কের প্রস্তুতি মোটেই ভালো হয়নি। উত্তর লিখবেন কী, প্রশ্নেরই অধিকাংশ বুঝে উঠতে পারছেন না। কিন্তু তাই বলে খাতা ফাঁকা জমা দেবেন? সে পাত্র তিনি নন! অঙ্কের উত্তর লেখার বদলে খাতার পাতাজুড়ে লিখে ফেললেন মজার মজার কৌতুক, ছড়া, আঁকিবুঁকি আর নানারকম মুখের ছবি! 

লতা মঙ্গেশকর: টায়ারের ভিতরে বসে রাস্তায় গড়াগড়ি! 

যাঁর কণ্ঠে একদিন মুগ্ধ হয়েছে গোটা দেশ, শৈশবে সেই লতা মঙ্গেশকর ছিলেন একেবারে দুরন্ত প্রকৃতির। নিজেই একাধিক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন, ছোটোবেলায় তিনি ভীষণ দুষ্টু ছিলেন। গাছে চড়া, প্রতিবেশীর বাগান থেকে পেয়ারা চুরি করে খাওয়া, বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়— কোনো কিছুতেই পিছিয়ে ছিলেন না। ছেলেবেলায় প্রায়ই একটি বড়ো টায়ারের ভিতরে ঢুকে বসে পড়তেন ছোট্ট লতা। তারপর বন্ধুরা সেই টায়ারটিকে রাস্তা দিয়ে গড়িয়ে দিত। আর তার ভিতরে বসে গড়াতে গড়াতে আনন্দে উল্লসিত হতেন তিনি। আজকের দিনে এমন বিপজ্জনক খেলা দেখলে বহু অভিভাবকেরও বুক কাঁপবে, কিন্তু ছোট্ট লতার কাছে সেটাই ছিল দুর্দান্ত মজার খেলা! 
শুধু খেলাধুলোতেই নয়, অভিনয়েও ছিল তাঁর সমান উৎসাহ। বাবার আপত্তি সত্ত্বেও সিনেমা ও নাটক দেখতে ভালোবাসতেন। বাড়ি ফিরে বোন মীনার সঙ্গে সেই সিনেমার দৃশ্য অভিনয় করে দেখাতেন। কখনো কখনো নিজেরাই তৈরি করে ফেলতেন ছোটোখাটো নাটক। সেই নাটকে কে কোন চরিত্রে অভিনয় করবেন, তারও নির্দেশ দিতেন লতা। এর সঙ্গে মিশে থাকত অফুরন্ত দুষ্টুমি। যে মেয়েটি একদিন টায়ারের ভিতরে বসে রাস্তায় গড়িয়ে বেড়াতেন, তিনিই পরবর্তী সময়ে সুরের জাদুতে গোটা পৃথিবীকে মুগ্ধ করেছিলেন।

সত্যজিৎ রায়: আইসক্রিম গরম করে দিলে হয় না! 

ছোটোবেলায় আইসক্রিম খেতে কে না ভালোবাসে! কিন্তু ঠান্ডা আইসক্রিম খেতে গিয়ে দাঁত কনকন করলে কী করা যায়? আইসক্রিম খাওয়ার ইচ্ছেটা তো আর সহজে দমন করা যায় না! একদিন কাকা-কাকিমার সঙ্গে কলকাতার বন্দর দেখতে গিয়েছিলেন ছোট্ট মানিক তথা সত্যজিৎ রায়। নানারকমের জাহাজ দেখে ছেলে তো বেশ উত্তেজিত। ঘোরাঘুরি শেষে ফেরার পথে তাঁরা একটি রেস্তরাঁয় খেতে ঢোকেন। খাবারের পর পরিবেশন করা হয় আইসক্রিম। কিন্তু বিপত্তি বাধল প্রথম চামচ মুখে দিতেই! 
আইসক্রিম এতটাই ঠান্ডা যে খেতে গিয়ে দাঁতে ব্যথা শুরু হল তাঁর। অথচ আইসক্রিম খাওয়ার শখও প্রবল! অবশেষে এক অভিনব বুদ্ধি বের করলেন মানিক। টেবিল ছেড়ে উঠে গিয়ে ওয়েটারকে এক পাশে ডেকে খুব গোপনে নিজের সমস্যার কথা জানালেন। ওয়েটার তাঁর কথা শুনে হাসি চেপে রাখতে পারলেন না। কারণ, ছোট্ট অতিথির আবদার ছিল, আইসক্রিমটা একটু গরম করে দেওয়া যায় কি না! 

কল্পনা চাওলা: নিজের নাম নিজেই রাখলেন!

মহাকাশে পাড়ি দেওয়া প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা নভোশ্চর কল্পনা চাওলার ডাকনাম ছিল ‘মন্টু’। কিন্তু স্কুলে ভরতি হওয়ার সময় দেখা দিল মুশকিল। কারণ, তখনও তাঁর কোনো আনুষ্ঠানিক নামই ঠিক করা হয়নি! স্কুলের প্রধান শিক্ষিকা যখন তাঁর নাম জানতে চাইলেন, পরিবারের তরফে জানানো হল, কয়েকটি নাম ভেবে রাখা হয়েছে। কিন্তু কোনটি রাখা হবে, তা এখনও ঠিক হয়নি। নামগুলি শুনে ছোট্ট কল্পনাকেই জিজ্ঞাসা করা হল, কোন নামটি তাঁর পছন্দ? পরিবারের বড়োদের সিদ্ধান্তের অপেক্ষা না করে এক মুহূর্তেই নিজের পছন্দ জানিয়ে দিলেন তিনি—‘কল্পনা’। সেই থেকেই তাঁর নাম কল্পনা চাওলা। নাম বেছে নেওয়ার এই ছোট্ট ঘটনাটির মধ্যেই যেন ধরা পড়ে তাঁর স্বাধীনচেতা মন। 
ছোটো থেকেই আকাশে বিমান দেখলে মুগ্ধ হয়ে যেতেন। বাড়ির ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। রাতে ছাদে শুয়ে তারাদের দেখতেন আর ভাবতেন, ওই দূরের জগতে পৌঁছানো যায় কি না! স্কুলে একবার ভূগোলের মানচিত্র তৈরি করার সময় শ্রেণিকক্ষের ছাদজুড়ে কালো কাগজের উপর ছোটো ছোটো তারার ছবি এঁকে সাজিয়ে দিয়েছিলেন। যেন পৃথিবীর মানচিত্রের পাশাপাশি নিজের জন্য তৈরি করে নিচ্ছিলেন এক টুকরো মহাকাশ। ছোট্ট মন্টুর সেই কল্পনার জগৎই একদিন তাঁকে পৌঁছে দিয়েছিল মহাকাশে! 
মহারথীদের শৈশবের এই গল্পগুলির মধ্যে কোথাও রয়েছে দুরন্তপনা, কোথাও অদ্ভুত কল্পনা, কোথাও আবার নিখাদ সারল্য! তাঁদের প্রতিভা, সাফল্য আর বিশ্বজোড়া খ্যাতির আড়ালে থেকে যাওয়া এই ছেলেবেলা যেন আজও অমলিন। কিংবদন্তিদের জীবনের ভারে সেগুলো ঝরে যায়নি বরং শৈশবের আখরে উজ্জ্বল হয়ে থেকে গিয়েছে জীবনখাতায়।
মনীষা মুখোপধ্যায়