টোকিও: অনায়াসেই বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন নীরজ চোপড়া। বুধবার প্রথম থ্রোয়েই জ্যাভেলিনের যোগ্যতা অর্জনের মাপকাঠি (৮৪.৫০ মিটার) অতিক্রম করেন তিনি। ওলিম্পিকসে দু’বারের পদকজয়ী গ্রুপ এ’র যোগ্যতা অর্জন পর্বে পয়লা চেষ্টাতেই ছোড়েন ৮৪.৮৫ মিটার। তিনিই ছিলেন এই গ্রুপের প্রথম থ্রোয়ার। ফাইনালে ওঠার পর তিনি আর ছোড়েননি। বৃহস্পতিবার জ্যাভেলিন থ্রোয়ের চূড়ান্ত রাউন্ড। সেখানেই পাকিস্তানের আরশাদ নাদিমের সঙ্গে তাঁর দ্বৈরথ নিয়েই বাড়ছে উত্তেজনা। ফাইনালে রয়েছেন জুলিয়ান ওয়েবারের মতো তারকাও। সদ্য ডায়মন্ড লিগের ফাইনালে তাঁর কাছে হেরেছেন নীরজ। এমনকী, ৯০ মিটার ছোড়ার দিনেও টেক্কা দেন ওয়েবার। চলতি বছরে তিনটি আসরে ৯০ মিটার পেরিয়েছেন জার্মান থ্রোয়ার। তাই নাদিম নন, নীরজকে কড়া চ্যালেঞ্জ জানাতে তৈরি ওয়েবারই। তবে বক্স অফিসে ভারত-পাকিস্তান মোকাবিলা মানেই সুপারহিট। তাই নীরজ-নাদিম লড়াইয়ে ঘিরে উন্মাদনা চরমে। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে ‘হ্যান্ডশেক’ বিতর্কের জেরে পরিস্থিতিও উত্তপ্ত। নীরজ-নাদিম হাত মেলান কি না, সেদিকেও নিঃসন্দেহে চোখ রাখবে উভয় দেশের ক্রীড়ামহল। দু’জনের শেষ সাক্ষাতে হেসেছিলেন পাক থ্রোয়ার। প্যারিস ওলিম্পিকসে পুরুষদের জ্যাভেলিন থ্রোয়ে ৯২.৯৭ মিটার ছুড়ে সোনা জিতেছিলেন নাদিম। সেখানে নীরজ থেমে যান ৮৯.৪৫ মিটারে। তার পর দু’জনে কোনও আসরে একসঙ্গে নামেননি। প্যারিস ওলিম্পিকসের পর বৃহস্পতিবারই প্রথম মুখোমুখি তাঁরা। বুধবার নীরজ ছিলেন গ্রুপ এ’তে, নাদিম গ্রুপ বি’তে। শেষবারের চেষ্টায় ফাইনালের যোগ্যতা অর্জন করেন পাক থ্রোয়ার। নাদিম ছোড়েন ৮৫.২৮ মিটার। ফাইনালে উঠেছেন আর এক ভারতীয়, শচীন যাদবও। তিনি ৮৩.৬৭ মিটার ছুড়ে দশম হন। প্রথম ১২ জনের মধ্যে থাকায় ফাইনালের ছাড়পত্র জোটে তাঁর।



