


বাটার মালাই চিকেন
উপকরণ: চিকেন ৪০০ গ্রাম, নারকেল দুধ ১ কাপ, পোস্ত, কাজুবাদাম, চারমগজ, সাদা তিল ১ চা চামচ করে নিয়ে বাটা, পেঁয়াজ বাটা ৪ টেবিল চামচ, কাঁচালংকা বাটা স্বাদমতো, নুন, চিনি আন্দাজ মতো, গোলমরিচের গুঁড়ো ১ চা চামচ, মাখন ২ টেবিল চামচ।
প্রণালী: একটি বড়ো বোলের মধ্যে সব উপকরণ নিয়ে ভালো করে মেখে নিন। একটি টিফিন কৌটোর মধ্যে এক ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এক ঘণ্টা পরে একটি প্রেশার কুকারে ৩ কাপ জল নিয়ে একটি স্ট্যান্ডের উপর টিফিন বক্স বসিয়ে প্রেশার কুকারের মুখটা আটকিয়ে ৩টে সিটি তুলে গ্যাস থেকে নামিয়ে নিন। তারপর প্রেশার কুকারের মুখ বন্ধ অবস্থাতেই আধঘন্টা রেখে দিন। তারপর তা খুলে গরম ভাত, রুটি, পরোটা বা পোলাও সহ পরিবেশন করুন।
পোস্ত সরষে বেগুন
উপকরণ: মাঝারি সাইজের বেগুন ৩টে (৪ টুকরো করে কাটা), পোস্ত বাটা ২ টেবিল চামচ, সরষে বাটা ১ টেবিল চামচ, কাঁচালংকা বাটা স্বাদমতো, নুন চিনি পরিমাণ মতো, হলুদ চামচ, সরষের তেল ২ টেবিল চামচ।
প্রণালী: কড়াইতে সামান্য তেল গরম করে বেগুনগুলো হালকা এপিঠ ওপিঠ করে নিন। একটা বোলের মধ্যে বেগুন নিয়ে তার সঙ্গে সব উপকরণ দিয়ে বেশ করে মাখিয়ে নিন। ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিন। তারপর কড়াইতে জল নিয়ে একটা ঝাঁঝরি থালার উপর বেগুন মাখা সমেত বাটিটা বসিয়ে ঢাকা দিন। উপর থেকে ঢাকা দিয়ে ১০ মিনিট স্টিমে রেখে নামিয়ে নিন। আরও ১০ মিনিট ওইভাবেই রেখে দেওয়ার পরে ঢাকা খুলে পরিবেশন করুন পোস্ত সরষে বেগুন।
কাঁচা আম কাতলা ভাপে
উপকরণ: কাতলা মাছ ৬ টুকরো, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, ধনে গুঁড়ো ১ টেবিল চামচ, জিরে গুঁড়ো ১ টেবিল চামচ, হলুদ চামচ, শুকনো লংকা গুঁড়ো, নুন স্বাদমতো, কাঁচা আম কুচি ২ টেবিল চামচ, সরষের তেল ২ টেবিল চামচ।
প্রণালী: কাতলা মাছের টুকরোগুলোয় নুন ও হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দিন। ইতিমধ্যে একটি বড়ো বোল বা পাত্রের মধ্যে মাছ বাদে বাকি সমস্ত উপকরণ মিশিয়ে নিন। তারপর তা মাছে ভালো করে মাখিয়ে নিন। ২ কাপ জল দিয়ে ঢেকে স্টিমে ১৫ মিনিট রান্না করুন। মাঝারি আঁচে রান্না হবে। আঁচ থেকে নামিয়ে ১০ মিনিট রেখে ঢাকা খুলে পরিবেশন করুন।
মনীষা দত্ত
নারকেল সরষে ঢ্যাঁড়শ
উপকরণ: ঢ্যাঁড়শ ২০০ গ্রাম, নারকেল ১ কাপ, সাদা সরষে ১চা চামচ, কালো সরষে ২ চা চামচ, কাঁচালংকা ৫টা, নুন, চিনি, সরষের তেল ২ টেবিল চামচ।
প্রণালী: ঢ্যাঁড়শগুলো ধুয়ে সামনের দিক আর পিছনের দিক একটু করে কেটে ফেলে দিয়ে দিন। তারপর তা ছোটো ছোটো গোল করে কেটে নিন। নারকেল, দুই রকমের সরষে আর কাঁচালংকা একসঙ্গে মিক্সিতে নিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। একটি বোলের মধ্যে ঢ্যাঁড়শ, মশলার পেস্ট, তেল, স্বাদমতো নুন, চিনি দিয়ে মেখে ঢাকা দিয়ে একটা প্যানে ৪ কাপ জল নিয়ে একটা স্ট্যান্ডের উপর বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে নিন। ৮-১০ মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে নারকেল সরষে ঢ্যাঁড়শ। গরম ভাতের সঙ্গে এই পদটি খেতে খুব ভালো লাগবে।