নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৯ জুন থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। এই পর্বের অধিবেশন চলবে দিন দশেক। তার আগে আজ, বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। তারপর হবে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। অধিবেশন পর্বে কোন বিষয় নিয়ে কতক্ষণ আলোচনা হবে, তার নির্ঘণ্ট চূড়ান্ত হবে আজ। বিধানসভার সচিবালয় সূত্রে খবর, ‘অপারেশন সিন্দুর’ কে কেন্দ্র করে বিধানসভার অধিবেশন পর্ব বেশ সরগরম হতে চলেছে। সেনাবাহিনীকে সম্মান জানিয়ে একটি প্রস্তাব আনা হবে বিধানসভার অধিবেশনে। তার উপর আলোচনা হবে। গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা সফর করেন। সেখানে মোদি ও শাহের রাজনৈতিক বক্তব্যে উঠে আসে অপারেশন সিন্দুরে প্রসঙ্গ। যার পাল্টা জবাবে তৃণমূল জানায়, বিজেপি নেতারা রাজনৈতিক ময়দানে সিঁদুর বেচতে বেরিয়েছেন। এই আবহেই আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এই অধিবেশন পর্বে ওবিসি সংক্রান্ত একটি বিল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়াও রাজ্যপালের বিল আটকে রাখা নিয়ে সংবিধান সংশোধনী প্রস্তাব আনতে পারে সরকার পক্ষ। তাছাড়া স্ট্যান্ডিং কমিটির রিপোর্টকে গুরুত্ব দিয়ে তা আলোচনা হওয়ার কথা রয়েছে বিধানসভার অধিবেশনে।



