সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: নিম্নচাপের বৃষ্টিতে জল থইথই। আকাশের কালো মেঘের মতোই উদ্বেগে কল্যাণী স্টেডিয়ামের কর্তারা। শনিবার শিল্পনগরীতে ঘরোয়া লিগের ডার্বি। ভালোয় ভালোয় ম্যাচ শেষ হলে হাঁফ ছেড়ে বাঁচবে আইএফএ। এর আগে কল্যাণীতে আই লিগের ম্যাচ হলেও ডার্বি এই প্রথম। দশ হাজার টিকিট নিঃশেষিত। মহারণের আগে ক্রমশ তেতে উঠছে সবুজে সবুজ কল্যাণী। তাক লাগানো আয়োজনে মরিয়া কর্তৃপক্ষ। ফ্যান পার্ক, ফুড কোর্টের পাশাপাশি বিশেষ আকর্ষণ লেজার শো। ভিড় সামলাতে এক হাজার পুলিস মোতায়েন থাকবে। হাই-ভোল্টেজ ম্যাচ আয়োজন প্রশাসনের কাছে চ্যালেঞ্জ। দর্শকদের জন্য পানীয় জল ছাড়াও থাকছে মেডিক্যাল ইউনিট। ম্যাচ পরিচালনার দায়িত্বে ভিনরাজ্যের রেফারি।
মরশুমের প্রথম ডার্বি। সম্মানের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিতে মরিয়া দুই প্রধানই। শুক্রবার সকালে যুবভারতীর প্র্যাকটিস মাঠে অনুশীলন সারল ইস্ট বেঙ্গল। ৪ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট পেয়ে গ্রুপ এ’র টেবিলে অষ্টম স্থানে লাল-হলুদ ব্রিগেড। শেষ তিন ম্যাচে জয়হীন বিনো জর্জের দল। চাপে পড়ে ডার্বির জন্য সিনিয়র দলের ছ’জন ফুটবলারকে এনেছেন তিনি। এদিন দেবজিত্, ডেভিড, এডমুন্ড, মার্তাণ্ড রায়না, রামসাঙ্গা ও মার্ক জোথানপুইয়াকে নিয়েই চূড়ান্ত মহড়া সারলেন কেরালাইট কোচ। সমালোচনায় বেশ তেতে রয়েছেন বিনো। ছোট্ট মন্তব্য, ‘ডার্বি মতলব জং। ইসমে হারেগা তো খতম।’ কোচের দর্শন ফুটবলাররা বুঝলেই মঙ্গল। তাঁর গলার কাঁটা রক্ষণ। ইতিমধ্যেই ৫ গোল হজম করেছে বিনোর দল। আপফ্রন্টে এডমুন্ড, ডেভিড, জেসিনের ত্রিভুজ ইস্ট বেঙ্গলের প্রধান ভরসা। লেফট উইংয়ে ডানা মেলবেন এডমুন্ড। উইথড্রন স্ট্রাইকারের ভূমিকায় ডেভিড। দুই উইং ব্যাক দলের মশালবাহিনীর চিন্তার কারণ। তা মোহন বাগান কোচ ডেগি কার্ডোজোর চোখ এড়ায়নি। কিয়ান নাসিরি ও সালাউদ্দিনকে দিয়ে ফায়দা তুলতে চাইবেন তিনি। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে সবুজ-মেরুন ব্রিগেড। একইসঙ্গে, শেষ চার ম্যাচে অপরাজিত ডেগি কার্ডোজোর দল। তিনটি জয়ের পাশাপাশি একটি ড্র। সিনিয়র দলের সুহেল ভাট, গ্লেন মার্টিন্স, দীপ্যেন্দু বিশ্বাস, কিয়ান নাসিরিরা খেলবেন। তবে মোহন বাগানের মাঝমাঠে সমস্যা রয়েছে। অনামী মার্শাল কিস্কু, সন্দীপ মালিকরা চাপ নিতে পারলে ডেগির কপালে চিন্তার ভাঁজ কমবে। গ্রুপ ‘এ’থেকে সুপার সিক্সে অনেকটাই নিশ্চিত সুরুচি সঙ্ঘ। বাকি দু’টি স্লটের জন্য প্রবল লড়াই। ডার্বি জিতে দুই প্রধানই চাইবে তা নিশ্চিত করতে।
কল্যাণীতে ম্যাচ শুরু বিকেল ৫-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার এসএসইন অ্যাপে।