মশলা চা আইসক্রিম স্যান্ডউইচ
মশলা চা আইসক্রিম স্যান্ডউইচ
উপকরণ: হুইপড ক্রিম ১০০ গ্রাম, কনডেন্সড মিল্ক ১০০ গ্রাম, ফ্রেশ ক্রিম ৫০ গ্রাম, ছোট এলাচ গুঁড়ো চা চামচ, আদা গুঁড়ো চা চামচ, চিনি ২ চা চামচ, লবঙ্গ গুঁড়ো খুব অল্প; মারি বিস্কুট বা যে কোনো আকারের বিস্কুট প্রয়োজন মতো, গোল দানার চা বা গুঁড়ো চা ৩ চা চামচ।
প্রণালী: হুইপড ক্রিম একটা পাত্রে নিন। তাতে এলাচ, লবঙ্গ, চিনি ও আদা দিয়ে গরম করে নিন। তারপর চা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই ক্রিম এবার আঁচে বসিয়ে ফুটিয়ে নিন। তারপর তা ছেঁকে নিন। এবার একটা পাত্রে হুইপড ক্রিমের মিশ্রণ হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে অল্প ব্লেন্ড করে নিন। ওর মধ্যে কনডেন্সড মিল্ক দিয়ে দিন। আবারও একটু ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিন। এবার এতে একটু চায়ের লিকার দিয়ে আবারও একটু ব্লেন্ড করে নিন। এরপর তা একটা টাবে ঢেলে উপর দিয়ে সেলোফেন পেপার বা ক্লিন র্যাপ লাগিয়ে টাবের ঢাকনা বন্ধ করে দিন। এরপর তা ফ্রিজারে রেখে দিন আট ঘণ্টা। তারপর তা ফ্রিজ থেকে বের করে আবার অল্প একটু ব্লেন্ড করে নিন। তারপর একটা মারি বিস্কুট রেখে তার উপর আইসক্রিমের একটা স্কুপ দিন। এর উপর আরও একটা মারি বিস্কুট দিয়ে চাপা দিন। এবার ফ্রিজারে রেখে দিন বারো ঘণ্টা। ফ্রিজার থেকে বের করে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন।
মটকা মালাই কুলফি
উপকরণ: ঘন দুধ ৫০০ মিলি, কনডেন্সড মিল্ক ১০০ গ্রাম, কাজুবাদাম ৫০ গ্রাম, আমন্ড ৩০ গ্রাম, জাফরান চা চামচ, পেস্তা ২০ গ্রাম, গুঁড়ো দুধ ৫০ গ্রাম, চিনি ২৫ গ্রাম, ছোট এলাচ গুঁড়ো চা চামচ, পেস্তা কুচি ২ চা চামচ।
প্রণালী: সব বাদাম ভিজিয়ে রেখে পেস্ট বানিয়ে নিন। একটা প্যানে দুধ গরম করে ফোটাতে ফোটাতে আরও ঘন করে নিন। তা থেকে দু’চামচ দুধ একটা পাত্রে নিয়ে জাফরান ভিজিয়ে রাখুন। জাফরানে রং ধরতে দিন। এরপর গরম দুধে বাদামের পেস্ট ও জাফরান দিয়ে ভালো করে মিশিয়ে নিন। কনডেন্সড মিল্ক ও চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিন। এবার গুঁড়ো দুধ আস্তে আস্তে মেশাতে থাকুন। তারপর এলাচ গুঁড়ো মিশিয়ে নিন। ছোট ছোট মাটির হাঁড়ি বা মটকা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখুন। তারপর জল ঝরিয়ে তা শুকিয়ে নিন। এবার তার মধ্যে এই দুধের মিশ্রণ ঢেলে দিন। ডিপ ফ্রিজে রেখে তা সেট হতে দিন ১২ ঘণ্টা। জমে গেলে উপর দিয়ে পেস্তা কুচি ও জাফরান সুতো সাজিয়ে ঠান্ডা সার্ভ করুন।
চকোলেট কুলফি
উপকরণ: মিল্ক চকোলেট ১০০ গ্রাম, ডার্ক চকোলেট ৫০ গ্রাম, মিল্ক পাউডার ১০০ গ্রাম, কনডেন্সড মিল্ক ৫০ গ্রাম, নুন ১ চিমটে, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, কোকো পাউডার ১ টেবিল চামচ, চকো চিপস সামান্য, চকোলেট স্যস প্রয়োজন মতো, ঘন দুধ ১ কাপ, হুইপড ক্রিম কাপ, দারচিনির গুঁড়ো চা চামচ।
প্রণালী: দু’রকম চকোলেট আলাদাভাবে গলিয়ে নিন। এবার একটা প্যানে ঘন দুধ আরও একটু ফুটিয়ে নিন। তাতে দু’রকমের গলানো চকোলেট একে একে মেশান। তারপর কোকো পাউডার, নুন, গুঁড়ো দুধ, ফেটানো হুইপড ক্রিম দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। তারপর এই মিশ্রণ ছেঁকে নিন। এবার ইচ্ছেমতো মোল্ডে ঢেলে ফ্রিজারে রেখে দিন ১২ ঘণ্টা। বের করে চকোলেট চিপস ও চকোলেট স্যস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
ওরিও আইসক্রিম
উপকরণ: হোয়াইট ক্রিম ওরিও বিস্কুট ১৫-১৬টা, হুইপড ক্রিম ৫০০ মিলি, কনডেন্সড মিল্ক ১০০ গ্রাম।
প্রণালী: বিস্কুটগুলো হাফ ক্রাশ করে রাখুন। এবার হুইপড ক্রিম হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিন। তাতে দিয়ে দিন কনডেন্সড মিল্ক। আরও একটু ব্লেন্ড করে যেরকম ইচ্ছে পাত্রে ঢেলে ফ্রিজে রেখে সেট হতে দিন ১০ ঘণ্টা। তারপর ফ্রিজ থেকে বের করে ব্লেন্ডারের সাহায্যে অল্প ব্লেন্ড করে নিন। এবার হাফ ক্রাশ করা বিস্কুট তাতে মিশিয়ে নিন ও ফ্রিজে রেখে সেট হতে দিন। ১২ -১৪ ঘণ্টা সেট হলে ফ্রিজ থেকে বের করে ইচ্ছেমতো সাজিয়ে সার্ভ করুন।
মণিকাঞ্চন দে