ড্রাই ফ্রুটস পোলাও
ড্রাই ফ্রুটস পোলাও
পুজো মানেই নিত্যদিনের চেনা ভাতের বদলে কোনো একদিন পোলাও রাঁধা। বাসন্তী পোলাওয়ের বদলে আর কী করবেন? রইল হদিশ।
উপকরণ: গোবিন্দভোগ চাল ২ কাপ, কাজুবাদাম, পেস্তা বাদাম, আমন্ড, আখরোট, খেজুর, কিশমিশ সব কুচি করা ৩ টেবিল চামচ, লবঙ্গ ৪টি, ছোটো এলাচ ২টি, দারচিনি ১ ইঞ্চি, স্টার অ্যানিস ১টা, ঘি ২ টেবিল চামচ, স্বাদ মতো নুন ও চিনি।
প্রণালী: চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটি থালায় ছড়িয়ে রাখতে হবে। প্যানে ঘি গরম করে ড্রাই ফ্রুটস দিয়ে একটু ভেজে তুলে রাখুন। এবার চালটা দিয়ে ফের ২ মিনিট মতো ভেজে নিন। এরপর স্বাদমতো নুন, চিনি দিয়ে ৩ কাপ জল যোগ করুন। চাল ভালো করে ফুটে উঠলে ভাজা ড্রাই ফ্রুটস মিশিয়ে আধঘণ্টা ঢাকা দিয়ে রাখতে হবে। আধঘণ্টা পরে ঢাকা খুলে পরিবেশন করুন ড্রাই ফ্রুটস পোলাও।
ভাপা কাতলা
সারাবছর যেসব প্রচলিত মাছ বাঙালির পরিবারে প্রায়ই হয়, তার অন্যতম কাতলা। ভাপা রান্নায় এর স্বাদ আরও খোলতাই হয়।
উপকরণ: কাতলা মাছ ৬ টুকরো, আদা বাটা ১ চা চামচ, কাঁচালংকা বাটা স্বাদমতো, তিলবাটা ১ চা চামচ, হলুদ চা চামচ, ধনেপাতা বাটা ২ চা চামচ, টক দই ১ টেবিল চামচ, স্বাদমতো নুন ও সামান্য চিনি, সরষের তেল ১ টেবিল চামচ।
প্রণালী: একটি টিফিন কৌটোর ভিতরে মাছ নিয়ে নুন, হলুদ, আদা বাটা, কাঁচালংকা বাটা, তিল বাটা, ধনেপাতা বাটা, টক দই আর সরষের তেল দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে আধ ঘণ্টা রেখে দিন। এবার একটি প্রেসার কুকারে ১ কাপ জল দিয়ে তার ভিতর টিফিন কৌটো রেখে প্রেশার কুকার আটকে গ্যাসে বসিয়ে একটা সিটি দিয়ে গ্যাস থেকে নামিয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষা করে টিফিন কৌটো বের করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ভাপা কাতলা।
কষা পাবদা
পাবদার ঝাল কিংবা সরষে বাটা তো প্রায়ই হয়। এবার সপ্তমীতে বরং কষিয়ে রাঁধুন পাবদা।
উপকরণ: পাবদা মাছ ৫টা, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা ও রশুন বাটা ১ চা চামচ, লংকার গুঁড়ো ও নুন স্বাদমতো, হলুদ চা চামচ, চেরা কাঁচালংকা ৩টে, টম্যাটো কুচি ১টা, ফোড়নের জন্য জিরে, শুকনো লংকা ১টি, সরষের তেল ৩ টেবিল চামচ।
প্রণালী: মাছে পরিমাণ মতো নুন, হলুদ ও সরষের তেল মাখিয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম করে মাছগুলো ভেজে তুলে নিয়ে জিরে, শুকনো লংকা ফোড়ন দিয়ে টম্যাটো কুচি দিয়ে নাড়তে হবে যখন একটু নরম হবে তখন পেঁয়াজ বাটা, আদা-রশুন বাটা দিয়ে কষাতে হবে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লংকার গুঁড়ো একটি বোলের মধ্যে অল্প জল দিয়ে গুলে কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে স্বাদমতো নুন দিয়ে ২ কাপ জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে গা মাখা হলে নামিয়ে নিতে হবে।
দুধ চিংড়ি
দুধ ও চিংড়ির মিশেলে তৈরি এই পদ ভাত বা পোলাও যেকোনো কিছুর সঙ্গেই জমে যাবে।
উপকরণ: চিংড়ি ৩০০ গ্রাম, আদা ও রশুন বাটা ১চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, জিরের গুঁড়ো ১চা চামচ, ১টা টম্যাটো বাটা, হলুদ চা চামচ, নুন ও চিনি স্বাদমতো, গরমমশলা চা চামচ, লংকা গুঁড়ো, সরষের তেল ১ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, দুধ ২ হাতা, আলু সিদ্ধ ২টো ছোটো সাইজের।
প্রণালী: আলুর খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিতে হবে। চিংড়িতে নুন, হলুদ, লংকার গুঁড়ো মাখিয়ে নিন। কড়াইতে তেল ও ঘি একসঙ্গে গরম করুন। এবার প্রথমে আলুগুলো ভেজে তুলে নিন। এবার এতে চিংড়িগুলো দিয়ে হালকা ভেজে তুলে নিন। এরপর গোটা গরমমশলা ফোড়ন দিয়ে টম্যাটো বাটা, আদা-রশুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষান। এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লংকা গুঁড়ো, হলুদ এবং অল্প জল যোগ করুন। সব মশলা ভালো করে কষানোর পর নুন-চিনি দিয়ে ২ কাপ গরম জল যোগ করুন। ফুটে উঠলে চিংড়ি দিয়ে ১ মিনিট ফুটিয়ে দুধ দিন। উপরে গরমমশলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি দুধ চিংড়ি।
গন্ধরাজ ভেটকি
গন্ধরাজ লেবুর ফ্লেভার সরষের সঙ্গে মিশে এই পদকে করে তোলে আরও স্বাদু। গরম ভাতের সঙ্গে এই ভেটকির জুড়ি মেলা ভার।
উপকরণ: ভেটকি মাছের ফিলে ৫টা, গন্ধরাজ লেবুর রস ১ টেবিল চামচ, গন্ধরাজ লেবুর জেস্ট ১চা চামচ, সাদা সরষে ১চা চামচ, কালো সরষে ১চা চামচ, কাঁচালংকা ৪টে, কর্নফ্লাওয়ার ১চা চামচ, নুন স্বাদমতো আদা বাটা ১চা চামচ, সাদা তেল ১চা চামচ।
প্রণালী: ভেটকি মাছের ফিলেতে গন্ধরাজ লেবুর জেস্ট (উপরের সবুজ অংশ ছাঁচা) নুন আর কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে ৫ মিনিট রেখে ভালো করে ভেজে তুলে নিতে হবে। কালো সরষে, সাদা সরষে, কাঁচালংকা ও সামান্য নুন দিয়ে ভালো করে বেটে নিতে হবে। কাঁচালংকা ও নুন দেওয়া হয় যাতে বাটার পর সরষে তেতো হয়ে না যায়। এবার কড়াইতে মাছ ভাজার তেলের মধ্যেই আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিন। আদার কাঁচা গন্ধ সরলে সরষে-কাঁচালংকা বাটা দিয়ে ফের একটু কষান। শেষে নুন যোগ করে জল দিয়ে দিন। গ্রেভি একটু ফুটে উঠলে মাছ দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন। উপরে গন্ধরাজ লেবুর রস মিশিয়ে নামিয়ে নিন।