Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লাল-হলুদ জার্সিতে অনুশীলনে নেমে পড়লেন জাপানি তারকা, দ্রুত মানিয়ে নেওয়াই লক্ষ্য হিরোশির

আগামী মঙ্গলবার আইএফএ শিল্ডে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ নামধারী এফসি।

লাল-হলুদ জার্সিতে অনুশীলনে নেমে পড়লেন জাপানি তারকা, দ্রুত মানিয়ে নেওয়াই লক্ষ্য হিরোশির
  • ১২ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী মঙ্গলবার আইএফএ শিল্ডে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ নামধারী এফসি। ড্র করলেই ফাইনালে পৌঁছে যাবে লাল-হলুদ ব্রিগেড। শনিবার কিশোর ভারতী স্টেডিয়ামে শ্রীনিধি এফসি’কে ৩-০ গোলে হারায় নামধারী। উল্লেখ্য, প্রথম ম্যাচে প্রথম ম্যাচে হায়দরাবাদের দলটিকে ৪-০ ব্যবধানে বশ মানায় অস্কার ব্রিগেড। অর্থাৎ গোল পার্থক্যে এগিয়ে মিগুয়েলরাই। সেক্ষেত্রে গ্রুপ শীর্ষে থেকে শিল্ড ফাইনালে পৌঁছতে ১ পয়েন্ট প্রয়োজন। তবে ড্র নয়, জিতেই মাঠ ছাড়তে বদ্ধপরিকর স্প্যানিশ কোচ। ডুরান্ড কাপেও এক গ্রুপে ছিল ইস্ট বেঙ্গল ও নামধারী। যুবভারতীতে মুখোমুখি সাক্ষাতে হামিদের গোল ৩ পয়েন্ট হাসিল করে মশালবাহিনী। এদিকে, প্রথম ম্যাচ কল্যাণীতে খেলতে হওয়ায় বেশ বিরক্ত অস্কার। 

Advertisement

শনিবার বিকেলে ইস্ট বেঙ্গলের অনুশীলনে যোগ দিলেন জাপানি ফুটবলার হিরোশি। ঘণ্টাখানেক গা ঘামান তিনি। ৬ ফিট ৪ ইঞ্চির জাপানি ফুটবলারকে নিয়ে লাল-হলুদ সমর্থকদের প্রবল প্রত্যাশা। গ্রিক স্ট্রাইকার দিয়ামানতাকোসের পরিবর্তে হিরোশিকে রিক্রুট করা হয়েছে। সূত্রের খবর, প্রধান স্ট্রাইকার হিসাবেই জাপানিকে খেলাতে চান স্প্যানিশ কোচ। এদিন কেমন অনুশীলন করলেন হিরোশি? হেডিং বেশ নজরকাড়া। দলের সঙ্গে মানাতে কিছুটা সময় প্রয়োজন।  তবে শিল্ড ফাইনালে ডার্বি হলে পরিস্থিতি পাল্টে যাবে। সেক্ষেত্রে দ্রুত হিরোশিকে ফিট করতে চাইবে টিম ম্যানেজমেন্ট। হিরোশিও দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিতে মরিয়া। উল্লেখ্য, শিল্ডের নিয়ম অনুযায়ী প্রথম একাদশে খেলানো যাবে ৪ বিদেশি। সেক্ষেত্রে চারজন বেছে নেওয়াই লাল-হলুদ কোচ অস্কারের বড় পরীক্ষা হতে চলেছে। 
এদিকে, রবিবার শিল্ডের ম্যাচে গোকুলাম কেরলের মুখোমুখি হচ্ছে ইউনাইটেড স্পোর্টস। তিন বিদেশি নিয়ে মাঠে নামবে নবাব ভট্টাচার্যের দল। এই গ্রুপে প্রথম ম্যাচে গোকুলামকে ৫-১ গোলে বিধ্বস্ত করে মোহন বাগান। এদিন কল্যাণীতে গোকুলাম জিতলে ফাইনালের পথে পা বাড়িয়ে দেবে হোসে মোলিনার দল। ঐতিহ্যবাহী শিল্ড ঘরে তুলতে মরিয়া সবুজ-মেরুন থিঙ্কট্যাঙ্ক।

Advertisement
সম্পর্কিত সংবাদ