কল্যাণীর চক্রবর্তী বাড়ির জগদ্ধাত্রী পুজো, ঐতিহ্য-সম্প্রীতির মেলবন্ধন
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: ভক্তি, বিশ্বাস, পারিবারিক ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির মেলবন্ধনে ষষ্ঠ বর্ষে পদার্পণ করল কল্যাণীর চক্রবর্তী বাড়ির জগদ্ধাত্রী পুজো। ছ’বছরের এই যাত্রায় পারিবারিক আরাধনার গণ্ডি ছাড়িয়ে পুজোটি আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীদের মিলনক্ষেত্রে পরিণত হয়েছে।এই পুজোর বিশেষত্ব হল, তিন প্রহরে তিন পর্যায়ের পুজার্চনা এবং তিন রকমের ভোগ নিবেদন করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি পুজোর মধ্য দিয়ে পারিবারিক বন্ধন সুদৃঢ় করা এবং নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য ও সংস্কৃতির মূল্যবোধ পৌঁছে দেওয়ার চেষ্টা করেন উদ্যোক্তারা। প্রতিমা নিরঞ্জনের পরের দিন এখানে পরিবারের উদ্যোগেই হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। পুজোর অন্যতম উদ্যোক্তা কিঞ্জল চক্রবর্তী বলেন, আমাদের কাছে জগদ্ধাত্রী পুজো শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং পারিবারিক পরিচয়, সাংস্কৃতিক শিকড় এবং প্রজন্মান্তরে বহমান মূল্যবোধের প্রকাশ। সময়ের পরিবর্তনের সঙ্গে ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মের মধ্যে মানবিকতা, পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক দায়বদ্ধতার চেতনা গড়ে তোলাই আমাদের পুজোর অন্যতম লক্ষ্য। ভক্তির পাশাপাশি সম্প্রীতি ও সমন্বয়ের বার্তাই এই পুজোর মূল আকর্ষণ।  নিজস্ব চিত্র

Advertisement