নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে কোন এলাকায় শিশুশ্রমিকের সংখ্যা কত? এর কোনো তথ্য নেই রাজ্য সরকারের হাতে। ফলে শিশুশ্রম সংক্রান্ত সমস্যায় ইতি টানতে সমস্যা হচ্ছে বলে মনে করছে প্রশাসনিক মহল। এই পরিস্থিতিতে শিশুশ্রম সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে আনতে বিশেষ সমীক্ষা শুরু করল রাজ্য।
গত বেশ কয়েক বছর ধরে এরাজ্যে শিশুশ্রমিকের সংখ্যা শূন্য বলে দাবি করা হয়েছে। কিন্তু এই দাবি সঠিক নয় বলেই মনে করছে বর্তমান প্রশাসন। অতীতে মূলত এ সংক্রান্ত কোনো অভিযোগ না থাকায় সংখ্যা শূন্য দেখানো হত বলে দাবি। তবে বাস্তব চিত্র একেবারে ভিন্ন। মাখানা উৎপাদন, মফসসল এলাকার হোটেল-রেস্তরাঁ, ইটভাটা ইত্যাদি জায়গায় এখনও শিশুশ্রমিক রয়েছে। তাই সমীক্ষার ক্ষেত্রে এই এলাকাগুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। রাজ্য শ্রমদপ্তরের এই সমীক্ষায় কী কী তথ্য উঠে আসবে? সূত্রের খবর, নির্দিষ্ট এলাকাগুলিতে শিশুশ্রমিকের সংখ্যা চিহ্নিত করা হবে। কেন ওই শিশুরা কাজে যোগ দিতে বাধ্য হয়েছে, তাদের পরিবারের আর্থিক এবং সামাজিক পরিস্থিতির সম্পূর্ণ তথ্য তুলে আনা হবে। তার ভিত্তিতে সমস্যা সমাধানের পথে হাঁটবে রাজ্য। সেক্ষেত্রে সাহায্য নেওয়া হতে পারে স্কুলশিক্ষা এবং সমাজকল্যাণ দপ্তরের। জানা গিয়েছে, শ্রমদপ্তরের আধিকারিকদের কাজে লাগিয়েই এই সমীক্ষা করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহ ধরেই চলবে এই সমীক্ষা।