নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের ঘোড়দৌড়চটির অনুষ্ঠান ভবনে শীতের সকালে আলতো রোদ ঝরে পড়ছে। সময় যত গড়াচ্ছিল উষ্ণতা তত বেড়ে চলছিল। সঙ্গে জমজমাট হয়ে উঠছিল অনুষ্ঠানের পরিবেশ। একদিকে সঙ্গীত অনুষ্ঠান, আড্ডা, হাসি, মজা অন্যদিকে চলছিল ‘বর্তমান’ ও ফরচুন বাসমতি চালের ‘দ্য গ্রেট বিরিয়ানি কুকঅফ’, বিরিয়ানি রান্নার প্রতিযোগিতা। পৌষ মাসের শেষলগ্নে রবিবার এক অন্যরকম প্রতিযোগিতার সাক্ষী থাকল নবাবের শহর। অনুষ্ঠান শেষ হয়েও যেন শেষ হচ্ছিল না। বারবার শহরবাসী যেন আহ্বান জানাচ্ছিলেন, এমন প্রতিযোগিতা আবার হোক। অনুষ্ঠানে হাজির থাকা বিশিষ্টজনরাও তারিফ করলেন এমন অনুষ্ঠানের। যাঁরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন তাঁরাও উচ্ছ্বসিত। ভিন্ন স্বাদের বিরিয়ানি রান্না করে তাঁরা নিজেদের প্রতিভা দেখালেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশ্বজিৎ(ভোজআড্ডা) বলেন, অসাধারণ অভিজ্ঞতা হল। যাঁরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তাঁরা খুব ভালো রান্না করেছেন। স্বাদ নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। বিরিয়ানি এখন বাংলার জাতীয় খাবার হয়ে গিয়েছে। নানা স্বাদের বিরিয়ানি রান্না হয়েছে। অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য বলেন, সব বিরিয়ানি টেস্ট করেছি। অনুষ্ঠান উপভোগ করেছি। পথিকৃৎ চট্টোপাধ্যায় বলেন, এখানে এসে খুব ভালো লেগেছে। প্রতিযোগীরা সাবলীলভাবে রান্না করেছেন। খুব ভালো উদ্যোগ। অনেকেই নতুন নতুন ধারণা এনেছেন। সব প্রতিযোগীর রান্না খেয়ে মনে হয়েছে খুব ভালো। অনুষ্ঠানের প্রশংসা করেন মৌনীতা চট্টোপাধ্যায়।
এদিন প্রতিযোগীদের হাতে সার্টিফিকেট এবং উপহার তুলে দেওয়া হয়। এদিনের মনোনীতরা ফাইনালে যাওয়ার সুযোগ পেয়েছেন। কলকাতায় ফাইনালে প্রথম প্রতিযোগীকে ৫০হাজার টাকার পুরস্কার দেওয়া হবে। দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার ও তৃতীয় স্থানাধিকারীকে ২০হাজার টাকা দেওয়া হবে। এদিনে প্রতিযোগীরা বলেন, এমন সুযোগ আগে আসেনি। বাড়িতে পরিবারের লোকজনদের জন্য ভিন্ন স্বাদের বিরিয়ানি রান্না করেছি। কিন্তু এমন মঞ্চে রান্নার প্রতিভা দেখাতে পেরে অন্যরকম অভিজ্ঞতা হল। বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা এসেছিলেন। তেমনই অনুষ্ঠানের সাক্ষী ছিলেন বিভিন্ন বয়সি লোকজন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিচারকরা সেরাদের নাম ঘোষণা করেন। সেলিব্রিটিদের কাছে থেকে রান্নার প্রশংসা পেয়ে তাঁরা উচ্ছ্বসিত হয়ে পড়েন। অন্য অভিজ্ঞতা নিয়ে তাঁরা গন্তব্যে রওনা দেন। দর্শকরা শেষ পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন। রাজার শহরে দাগ কেটে গেল দ্য গ্রেট বিরিয়ানি কুক অফ। নিজস্ব চিত্র