Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারের ‘মর্যাদার কথা’ মাথায় রেখে কাজ করতে হবে, নবনিযুক্ত মন্ত্রীদের বার্তা শুভেন্দুর

রাজ্যের নবনিযুক্ত মন্ত্রীদের প্রশাসনিক কাজকর্ম সম্পর্কে অবগত করতে শনিবার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। বিধাননগরে নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মসূচি হয়।

সরকারের ‘মর্যাদার কথা’ মাথায় রেখে কাজ করতে হবে, নবনিযুক্ত মন্ত্রীদের বার্তা শুভেন্দুর
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের নবনিযুক্ত মন্ত্রীদের প্রশাসনিক কাজকর্ম সম্পর্কে অবগত করতে শনিবার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। বিধাননগরে নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মসূচি হয়। সেখানে যোগ দিয়ে মন্ত্রীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, প্রশিক্ষণ শিবিরে মন্ত্রীদের সরকার, দপ্তর এবং নিজেদের মর্যাদা বজায় রেখে কাজ করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে পক্ষপাতমূলক কোনো মনোভাব রাখা চলবে না বলেও জানিয়ে দেন তিনি। 

Advertisement

দপ্তরের কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে তৎপরতা বজায় রাখার পাশাপাশি রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দেওয়া সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মন্ত্রীদের সৎ ভাবমূর্তি বজায় রাখার বিষয়টিও মাথায় রাখতে হবে বলে মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। 
পূর্বতন সরকারের আমলে হওয়া প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে রাজ্যের ‘ডবল ইঞ্জিন’ সরকার। এই পরিস্থিতিতে বিতর্কহীন প্রশাসন চালানোই লক্ষ্য বর্তমান সরকারের। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর এদিনের বার্তা এবং প্রশিক্ষণ শিবির ভীষণ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। 
এদিন মন্ত্রীদের যথাযথভাবে যাচাই করে ফাইল ছাড়ার কথা বলার পাশাপাশি অকারণে ফাইল আটকে না রাখার কথাও বলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এলাকায় অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়ে ঘোরাঘুরি করলে মানুষ বিষয়টি ভালোভাবে নাও নিতে পারে বলে মন্ত্রীদের সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষসহ পদস্থ কর্তারা। প্রাক্তন আইএএস সুনীল কুমার গুপ্তা ছাড়াও জাতীয় স্তরের বিশেষজ্ঞদের অনেককেই প্রশিক্ষণে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে সরকারি ফাইল ম্যানেজমেন্ট, বাজেট প্রস্তুতি, ই-ফাইল এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। নির্দিষ্ট সময় অন্তর এই প্রশিক্ষণ চলবে। বয়স্ক মন্ত্রীদের জন্য প্রয়োজনে আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ