নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাত পোহালেই রথ। সকাল থেকে পাঁপড়ভাজার সুবাসে ম ম করবে শহরের পাড়াগুলি। কলকাতার এমন কোনও জায়গা নেই যেখানে এদিন পাঁপড়ভাজা বিক্রি হয় না। রথের দড়ি টানার পর পাঁপড়ভাজা খেতেই হয় বাঙালিকে। অপেক্ষাকৃত নিম্নবিত্ত এলাকায় বহু মানুষ এদিন পাঁপড়-তেলেভাজার অস্থায়ী দোকান দিয়ে দু’পয়সা রোজগার করে নেন। উত্তর থেকে দক্ষিণ কলকাতা সহ শহরতলিজুড়ে এবারও সাড়ম্বরে পালিত হতে চলেছে রথযাত্রা উৎসব। কোথাও বসছে সপ্তাহব্যাপী মেলা। কোথাও হচ্ছে অন্যান্য অনুষ্ঠান। কলকাতার সিঁথি, দমদম, কাশীপুর, শ্যামবাজার, বাগবাজার, হাতিবাগান, উল্টোডাঙা, বৈঠকখানা বাজার, পোস্তা, জানবাজার, মানিকতলা, শোভাবাজার ইত্যাদি এলাকার বিভিন্ন প্রান্তে ছোটবড় রথ বের হয়। কোথাও বাড়ির রথ বেরয়। কোথাও মঠ‑মন্দিরের রথযাত্রা হয়। বিভিন্ন জায়গায় বসে তেলেভাজা-পাঁপড়ের দোকান। কোথাও কোথাও বসে বিভিন্ন পসরা নিয়ে অন্যান্য দোকান। বসে ধর্মীয় গানের জলসা। বর্তমানে শহরের অন্যান রথের মধ্যে উল্লেখযোগ্য হল ইসকনের রথযাত্রা। এই উৎসবকে কেন্দ্র করে উল্টোরথ পর্যন্ত চলে জমকালো মেলা। প্রতিদিন ভক্তদের প্রসাদ বিরতণ হয়।



