Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

নলেন গুড়ের বাহারি স্বাদ

এ বঙ্গে শীতকাল জুড়েই নলেন গুড়ের নানা পদে সমৃদ্ধ থাকে গৃহিণীর হেঁশেল। তবে এখন আবার ফিউশনের যুগ

নলেন গুড়ের বাহারি স্বাদ
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চিজ কেক

Advertisement

উপকরণ: ক্রিম চিজ ৪০০ গ্রাম, গ্রিক ইয়োগার্ট বা জল ঝরানো টক দই ২০০ গ্রাম, ডাইজেস্টিভ বিস্কুট ১৫০ গ্রাম, গলানো মাখন ৭৫ গ্রাম, নলেন গুড় ২০০ গ্রাম, ডিম ৩টে, স্প্রিং ফোল্ড কেক টিন।

 

প্রণালী: ডাইজেস্টিভ বিস্কুটগুলো গুঁড়ো করে নিন। তারপর তা মাখনের সঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণ কেক টিনের নীচে চেপে চেপে সেট করে নিন। এবার এই কেক টিন ফ্রিজে রেখে সেট হতে দিন। ফিলিং তৈরি করার জন্য ক্রিম চিজ এবং দই একসঙ্গে ফেটিয়ে নিন। মোলায়েম হলে তাতে নলেন গুড় মেশান। আবারও ফেটান। সবটা একসঙ্গে মিশে যাওয়া পর্যন্ত ফেটাবেন। এরপর একটা করে ডিম ভেঙে এই মিশ্রণে দিয়ে ফেটান। তবে ফেটানোর সময় খেয়াল রাখবেন যেন অতিরিক্ত বেশি না ফেটিয়ে ফেলেন। তাহলে শক্ত হয়ে যাবে। হালকা হাতে উইস্কের সাহায্যে ফেটালে সে ভয় থাকবে না। এবার এই মিশ্রণ বিস্কুটের বেসের উপর ঢেলে দিন। নেড়ে সমান করে নিন। তারপর একটা বড় ট্রে-তে জল নিন। তার উপর এই কেক টিন বসিয়ে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে আভেন সেট করে তা বেক করুন ৫০ থেকে ৬০ মিনিট। আভেন থেকে বের করে ঠান্ডা করে নিন। তারপর তা ফ্রিজে রেখে দিন সারা রাত। এরপর পরিবেশন করার সময় ইচ্ছে হলে অল্প নলেন গুড় ছড়িয়ে দিতে পারেন উপর থেকে।

 

ড্রাই ফ্রুটস রোল

উপকরণ: বাইন্ডিংয়ের জন্য: খেজুর দানা ছাড়িয়ে কুচানো ২ কাপ, গুড়  কাপ, ঘি ২ টেবিল চামচ। ড্রাই ফ্রুটস: আমন্ড কুচানো  কাপ, কাজু কুচি  কাপ, পেস্তা কুচি  কাপ, আখরোট কুচি  কাপ। ফ্লেভারের জন্য: কোরানো নারকেল  কাপ, দারচিনি গুঁড়ো  চা চামচ, জায়ফল ১ চিমটে। গার্নিশ: পোস্ত দানা ২ টেবিল চামচ, শুকনো গোলাপের পাপড়ি ১ টেবিল চামচ। ছানা ও খোয়াক্ষীর ১০০ গ্রাম করে।

প্রণালী: প্রথমে ননস্টিক প্যানে ঘি গরম করে নিন। সব বাদাম নেড়ে নিন। তারপর তা আঁচ থেকে তুলে নিন। এরপর তাতে নারকেল কোরা দিয়ে নাড়তে থাকুন। এবার খেজুর বেটে নিন। তারপর কড়াইয়ে ১ চামচ ঘি দিয়ে তাতে গুড় ও খেজুর বাটা মিশিয়ে নাড়ুন। মিশে গেলে নামিয়ে নিন। এবার বাদাম ও নারকেলের মিশ্রণ, দারচিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো, জায়ফল গুঁড়ো সব একসঙ্গে মিশিয়ে নিন। তা আঁচে বসিয়ে নেড়ে নিন। এরপর মিশ্রণটা ঠান্ডা হতে দিন। তারপর তা হাতের সাহায্যে রোল করে নিন। উপর থেকে গোলাপের পাপড়ি আর পোস্ত ছড়িয়ে দিন। এবার খোয়া ও ছানা একসঙ্গে মেখে নিন। তা অল্প বেলে নিয়ে তার মধ্যে এই মিশ্রণ ভরে রোল করে নিন। এরপর অ্যালুমিনিয়াম ফয়েলে তা মুড়ে নিন। তারপর তা ফ্রিজে রেখে সেট হতে দিন। মোটামুটি ঘণ্টা দুয়েক বাদে ফ্রিজ থেকে বার করে অ্যালুমিনিয়াম ফয়েলের মোড়ক খুলে পরিবেশন করুন। চাইলে উপর থেকে নলেন গুড় ছড়িয়ে দিতে পারেন।

স্মোকড চিকেন উইথ নলেন গুড় অরেঞ্জ মিন্ট স্যস

উপকরণ: চিকেনের থাই সমেত লেগ পিস ১টা, নলেন গুড় ১০০ গ্রাম, ফ্রেশ অরেঞ্জ জুস ২৫০ মিলি, পোড়ানো শুকনো লঙ্কা গুঁড়ো করে নেওয়া ১০ গ্রাম, পুদিনা পাতা কুচি ২০ গ্রাম, রসুন বাটা ৩০ গ্রাম, অলিভ অয়েল বা মাখন ৫০ মিলি।

প্রণালী: চিকেনের গায়ে ছুরি দিয়ে চেরা দাগ করে নিন। এবার এই চিকেনে নুন, রসুন বাটা, তেল বা মাখন এবং অর্ধেক পরিমাণ শুকনো লঙ্কা মাখিয়ে নিন। তারপর আভেন ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে সেট করে চিকেন ৪৫ মিনিট রোস্ট করে নিন। এবার স্যস বানানোর জন্য একটা প্যানে অরেঞ্জ জুস আর নলেন গুড় দিয়ে ফোটান। স্যস ঘন হয়ে গেলে তাতে পুদিনা পাতা কুচি মিশিয়ে নেড়ে নিন। এবার চিকেন রোস্ট একটা প্লেটে সাজিয়ে উপর থেকে এই স্যস ঢেলে দিন। চাইলে হালকা ভাজা সব্জি ও ম্যাশড পট্যাটো সহযোগে পরিবেশন করতে পারেন এই পদটি।

 

রসমালাই

উপকরণ: ফুল ক্রিম মিল্ক ১ লিটার (ছানা তৈরি করার জন্য), সাধারণ দুধ ৫০০ মিলি (রাবড়ি বানানোর জন্য), নলেন গুড় ২০০ গ্রাম, লেবুর রস বা ভিনিগার (দুধ কাটানোর জন্য) ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার

১ চা চামচ।

প্রণালী: ছানা তৈরি করতে: ফুল ক্রিম মিল্ক জ্বাল দিয়ে দিন। ফুটে উঠলে তাতে লেবুর রস মিশিয়ে দিন। ছানা কেটে গেলে তা ছেঁকে নিন। সম্পূর্ণ জল ঝরিয়ে নিন। এরপর ছানা হাতের সাহায্যে মেখে নিন। সেখান থেকে ছোট ছোট বল বানিয়ে নিন। এরপর সিরাপ বা রস বানানোর জন্য তিন কাপ জল ফোটান। তাতে ৫০ গ্রাম গুড় মেশান। সবটা একসঙ্গে মিশে গেলে এই মিশ্রণে ছানার বলগুলো দিয়ে দিন। মোটামুটি মিনিট পনেরো গুড়ের রসে ছানার বল ফুটিয়ে নিন। ফুলে দ্বিগুণ হলে নামাবেন।

রাবড়ি বানানোর জন্য: একটা অন্য পাত্রে ৫০০ মিলি দুধ নিন। তা ঘন করে অর্ধেক পরিমাণ করে নেওয়ার পর আঁচ থেকে নামিয়ে নিন। তারপর তা সামান্য ঠান্ডা করে তাতে বাকি নলেন গুড় মিশিয়ে দিন। এবার ছানার বলগুলো দুধের এই মিশ্রণে ফেলে দিন। তা অন্তত চার ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। তারপর পরিবেশন করুন।

 

ক্ষীর মেওয়া বাটি

উপকরণ: খোয়া ক্ষীর ২৫০ গ্রাম, পনির ৫০ গ্রাম, ময়দা ৪০ গ্রাম, নলেন গুড় ১০০ গ্রাম, ঘি ভাজার জন্য পরিমাণ মতো, মেওয়া ১০০ গ্রাম।

প্রণালী: অর্ধেকের বেশি পনির হাতের তালুর সাহায্যে চটকে মেখে নিন। তার সঙ্গে অর্ধেকের বেশি খোয়া ক্ষীর গুঁড়ো করে মেশান। সবটা একসঙ্গে হাত দিয়ে মাখতে থাকুন। মসৃণ মণ্ড তৈরি হলে তাতে ময়দা মেশান। এটা বাইন্ডিংয়ের জন্য কাজে লাগে। সেই পরিমাণ মতোই মেশাবেন। এবার এই মিশ্রণ থেকে ছোট লেচি বের করে তা হাতের সাহায্যে গোল করে নিন। এরপর বাকি পনির ও খোয়া ক্ষীর আবারও একসঙ্গে মেখে নিন। তারপর এই মিশ্রণে নলেন গুড় ও মেওয়া মেশান। এরপর পনির ও খোয়ার লেচিগেুলো বাটির মতো করে তার মধ্যে এই পুর ভরে আবারও তা গোল করে গড়ে নিন। এবার কড়াইতে ঘি গরম করে তা লালচে করে ভেজে তুলুন। ইতিমধ্যে নলেন গুড় ও জল একসঙ্গে ফুটিয়ে একটা সিরাপ তৈরি করুন। তাতে এই ভাজা মিষ্টিগুলো ডুবিয়ে রাখুন মোটামুটি ২ ঘণ্টা। তারপর পরিবেশন করুন।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ