ওয়াশিংটন: ২০২৬ বিশ্বকাপ ফুটবলের আসর বসছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোয়। আগামী ৫ ডিসেম্বর মেগা আসরের ড্র অনুষ্ঠিত হবে ওয়াশিংটনের কেনেডি সেন্টারে। শনিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ড্র’এর দিন ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন তাঁর হাতে বিশ্বকাপের প্রথম টিকিটও তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনো। উল্লেখ্য, এর আগে ১৯৯৪ সালে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। সেবার ড্র অনুষ্ঠিত হয় লাস ভেগাসের কনভেনশন সেন্টারে।
চলতি বছরে মার্কিন মুলুকে আয়োজিত হয়েছিল ক্লাব বিশ্বকাপের আসর। মাঠ নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। তবে সেসব নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছে না মার্কিন ফুটবল সংস্থা। আগামী বিশ্বকাপে ৩২ দলের বদলে অংশগ্রহণ করবে ৪৮টি দেশ। ফলে ম্যাচ সংখ্যাও বাড়ছে। এদিন ইনফানতিনো জানিয়েছেন, এক মাসে আয়োজিত হবে ১০৪টি ম্যাচ। ১১ জুন মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। এই মাঠেই ১৯৮৬ সালে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বসেরা হয় ডিয়েগো আর্মান্দো মারাদোনার আর্জেন্তিনা। আগামী বিশ্বকাপের ফাইনাল হবে ১৯ জুলাই। খেলা হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।