নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জমে উঠেছে ঘরোয়া লিগের লড়াই। গ্রুপ ‘এ’ থেকে আগেই সুপার সিক্সের টিকিট নিশ্চিত করেছিল ইস্ট বেঙ্গল। এবার বাকি দু’টি দল হিসেবে পরের রাউন্ডে পৌঁছল সুরুচি সঙ্ঘ আর ক্যালকাটা কাস্টমস। মঙ্গলবার কালীঘাট স্পোর্টস লাভার্সকে ২-১ গোলে হারায় বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা। আর জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ৩-০ গোলে জিতল সুরুচি। অন্যদিকে, গ্রুপ –বি’তে এক ম্যাচ বাকি থাকতেই সুপার সিক্সের টিকিট পাকা হয়ে গিয়েছে স্পোর্টস ইউনাইটেডের। বাকি দু’টি জায়গার জন্য লড়াইয়ে ইউনাইটেড কলকাতা, ডায়মন্ডহারবার এফসি ও ভবানীপুর। প্রথমে মঙ্গলবার আইএফএ’কে চিঠি দিয়ে শেষ ম্যাচে দল না নামানোর কথা জানিয়েছিল ভবানীপুর। তবে রাতে সিদ্ধান্ত বদলে ইউনাইটেডের বিরুদ্ধে বুধবার নামছে তারা। উল্লেখ্য, অবনমনের আওতায় থাকা দলগুলির ম্যাচ একদিনে আয়োজিত করতে চলেছে আইএফএ। আর আগামী সপ্তাহে শুরু হবে সুপার সিক্সের লড়াই। এদিকে, গ্রুপ পর্বে জেলায় খেললেও, সুপার সিক্সের ম্যাচগুলি ক্লাবের মাঠে খেলতে চায় ইস্ট বেঙ্গল। মাঠ সংস্কারের কাজ প্রায় শেষ। তাই সমর্থকদের কথা মাথায় রেখেই এই ভাবনা।



