সংবাদদাতা, রামপুরহাট: বীরভূমে তৃণমূলের একুশে জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে উঠেছে। বুধবার রামপুরহাটে নিজেই তুলি দিয়ে দেওয়াল লিখন করে নিজের বিধানসভা এলাকায় প্রস্তুতির সূচনা করলেন দলের জেলা চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত ফ্লেক্স ছাপানোর কাজও শেষ হয়েছে। দলীয় কিছু কার্যালয়ে সেই ফ্লেক্স এসে পৌঁছেছে। গ্রাম থেকে শহর বুথে বুথে পুরোদমে শুরু হয়েছে মিটিং। আশিসবাবু বলেন, এবছর বীবভূম থেকে লক্ষাধিক লোক ধর্মতলায় হাজির হবেন। ২৯ জুন জেলা কমিটি এবং ১২ জুলাই সিউড়িতে কোর কমিটির মিটিংয়ে কোন এলাকার লোক কীভাবে যাবেন, তা জেনে নেওয়া হবে।
সদ্য কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে সবুজ ঝড় দেখেছে রাজ্যবাসী। সামনে ২৬-র বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলের কাছে মেগাসমাবেশ ২১ জুলাই। শাসকদলের দাবি, ওইদিন ধর্মতলার শহিদ সমাবেশ থেকেই বিধানসভার ভোটের ঢাকে কাঠি পড়ে যাবে। সেই সমাবেশ থেকেই বিধানসভা ভোটের লড়াইয়ের জন্য ময়দানে নেমে পড়বেন শাসকদলের নেতা-কর্মীরা। এতদিন এই জেলায় দলের হয়ে ব্যাট করে এসেছেন অনুব্রত মণ্ডল। যদিও দলনেত্রী এই জেলায় সভাপতির পদ তুলে দিয়ে কোর কমিটির উপর ভরসা রেখেছেন। দলের চেয়ারপার্সন করা হয় আশিসবাবুকে। উল্লেখ্য সম্প্রতি অনুব্রত মণ্ডল ও জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বাগযুদ্ধ ও দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। সুযোগকে কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছে বিরোধীরা।
দিন কয়েক আগে রাজ্য সভাপতি সুব্রত বক্সি কোর কমিটির সদস্যদের নিয়ে আলাদা বৈঠক করে এক সঙ্গে চলার বার্তা দিয়েছেন। সব দ্বন্দ্ব মিটিয়ে ফেলার কথাও বলা হয়। দিন চারেক আগে বোলপুরে তৃণমূলের কোর কমিটির বৈঠক হয়। সেখানে অনুব্রত ও কাজলকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। বৈঠকে ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সেই মতো জেলার অধিকাংশ জায়গায় বুথভিত্তিক মিটিং শুরু করে দিয়েছেন নেতারা। রাজ্য নেতৃত্বের নির্দেশমতো ফ্লেক্সে শুধুমাত্র দলনেত্রীর ছবি দিয়ে ফ্লেক্স ছাপানোর কাজও শেষ হয়ে গিয়েছে। দলীয় কার্যালয়গুলিতে তা পৌঁছতে শুরু করেছে।
তৃণমূলের জেলা মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন, শহিদ সমাবেশকে সামনে রেখে ব্লক ও অঞ্চলগুলিতে জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। একদিকে জগন্নাথদেবের প্রসাদ বিলি চলছে। অন্যদিকে সমাবেশের প্রচারও চলছে। সামনে বিধানসভা নির্বাচন। তাই এই জেলা থেকে যাতে রেকর্ড সংখ্যক মানুষ সমাবেশে যোগ দেন, তার ব্যবস্থা চলছে। প্রত্যেকটি শাখা সংগঠন ঝাঁপিয়ে পড়েছে।
এদিকে বুধবার নিজের বিধানসভা রামপুরহাটে দেওয়াল লিখন করে সেই প্রস্তুতির সূচনা করেন বিধায়ক। ইতিমধ্যে শহর কার্যালয়ে ফ্লেক্স এসে পৌঁছেছে। তিনি বলেন, জেলার প্রতিটি ব্লক সভাপতি ও নেতাকে ২১ জুলাইয়ের প্রস্তুতি হিসাবে মিটিং, মিছিল, দেওয়াল লিখন শুরু করে দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। আগামী মিটিংগুলিতে কোন ব্লক থেকে কত লোক যাবে, তা স্থির করে দেওয়া হবে। -নিজস্ব চিত্র