নয়াদিল্লি: এতদিন ভিসা ছাড়াই মালয়েশিয়ায় যেতে পারতেন ভারতীয় নাগরিকরা। আগামী বছর অর্থাৎ ১ জানুয়ারি ২০২৭ সাল থেকে আর সেই সুবিধা মিলবে না। এবার তা প্রত্যাহার করে নিল মালয়েশিয়ার সরকার। মঙ্গলবার সে দেশের অভিবাসন দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী বছর ১ জানুয়ারি থেকে মালয়েশিয়ায় এলে সঙ্গে রাখতে হবে বৈধ ভিসা। ১ ডিসেম্বর থেকে অনলাইনে মাইভিসা পোর্টালের মাধ্যমে আবেদন জানানো যাবে। ‘পেন্ডিং ভিসা’র জন্য মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের তরফে একটি নতুন নিয়ম চালু করা হয়েছে। কোনো আবেদন যদি ৭ কর্মদিবসের বেশি সময় ‘নিউ অ্যাপ্লিকেশন’ বা ‘পেন্ডিং পেমেন্ট’ স্টেটাসে পড়ে থাকে, তাহলে তা নিজে থেকেই বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে আবার নতুনভাবে আবেদন করতে হবে।



