ফের আইএসএল ডার্বির রঙ সবুজ মেরুন
  • ২৯ নভেম্বর, ২০২৬ ২২:৪৩
Prefer us on Google

কলকাতা, ২৯ নভেম্বর:  আইএসএলে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখল মোহন বাগান। আজকের ম্যাচের আগে পর্যন্ত ১১ ম্যাচে ন’টি ম্যাচ জিতেছিল মোহন বাগান, দুটি ড্র। জয়ের সংখ্যা বেড়ে হয়ে গেল এবার দশ। আর আইএসএল ডার্বিতে ইস্ট বেঙ্গলের ভাঁড়ার শূন্যই থেকে গেল। এদিন ম্যাচের প্রথম থেকে দুই দলই আক্রমণ প্রতি আক্রমণ নির্ভর খেলা শুরু করেছিল। কিন্তু দু'দলের স্ট্রাইকাররাই গোলের সামনে গিয়ে খেই হারিয়ে ফেলছিল বারবার। প্রথমার্ধে ইস্ট বেঙ্গলের ডেভিড, লোবোরা একাধিক সহজ সুযোগ নষ্ট করেন। যার খেসারত দিতে হল ম্যাচ হেরে।

Advertisement

ম্যাচের শুরুর আগেই ধাক্কা খায় ইস্ট বেঙ্গল শিবির। আনোয়ারের অনুপস্থিতিতে, চোটের কারণে দলের এক নম্বর ডিফেন্ডার জিভুলিচকে ছাড়াই দল নামাতে বাধ্য হন লাল হলুদ কোচ হাবাস। তবে লাল হলুদের নড়বড়ে ডিফেন্সের সুযোগ নিতে প্রথম ৬০ মিনিটে ব্যর্থ হয় মোহনবাগান। এই সময় মনবির সিংকে তুলে লিস্টন কোলাসোকে নামান মোহনবাগান কোচ পানোস। আর এই চালেই বাজিমাত বাগান কোচের। আক্রমণে গতি বাড়ায় মোহন বাগান। ফলও মেলে হাতে নাতে। ম্যাচের ৬৭ মিনিটে  কোলাসোর বাড়ানো পাসে পা ছুঁয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ম্যাকলারেন। এই ম্যাচ জিতে লিগ টেবিল এর শীর্ষস্থান ধরে রাখল মোহন বাগান ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে। অন্যদিকে পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল থাকলো লিগ টেবিলের নয় নম্বরে।