Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ডাককর্মীদের সংগঠনকে ভয় পেয়েই আতঙ্কের পরিবেশ তৈরি করছে কেন্দ্র

নিজেদের দাবিদাওয়াগুলির পাশাপাশি গ্রাহক স্বার্থেই সংগঠনকে হাতিয়ার করে আন্দোলন চলবে। এমনই দাবি করলেন ডাক বিভাগের কর্মীরা।

ডাককর্মীদের সংগঠনকে ভয় পেয়েই আতঙ্কের পরিবেশ তৈরি করছে কেন্দ্র
  • ১০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিজেদের দাবিদাওয়াগুলির পাশাপাশি গ্রাহক স্বার্থেই সংগঠনকে হাতিয়ার করে আন্দোলন চলবে। এমনই দাবি করলেন ডাক বিভাগের কর্মীরা। রবিবার ‘অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন গ্রুপ সি’, ‘অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন, পোস্টমেন অ্যান্ড এমটিএস’ এবং অল ইন্ডিয়া গ্রামীণ ডাকসেবক ইউনিয়নের ইস্ট কলকাতা ডিভিশনাল ব্র্যাঞ্চের দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকার ব্যাংকিং ব্যবস্থা এবং ডাক পরিষেবাকে বেসরকারিকরণের জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু তা সফল করতে দেওয়া যাবে না। যেকোনও সংগঠন তৈরি হয় দাবিদাওয়ার লড়াইয়ের জন্য। সেই লড়াই জারি রাখতে হবে। 

Advertisement

অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন, পোস্টমেন অ্যান্ড এমটিএসের সার্কেল সভাপতি সুশান্ত গঙ্গোপাধ্যায় বলেন, আমাদের সংগঠনগুলির মূল মঞ্চ বা সংগঠন ন্যাশনাল ফেডারেশন অব পোস্টাল এমপ্লয়িজের পথ চলা শুরু হয়েছিল প্রায় ১২০ বছর আগে। সেই সংগঠনকে কেন্দ্রীয় সরকার এত ভয় পাচ্ছে কেন? তাদের অনুমোদন বাতিল করে কি সরকার আন্দোলনের পথ বন্ধ করতে চাইছে? কিন্তু তা হবে না। আন্দোলন চলবে। পোস্টম্যানদের কাজের প্রসঙ্গ এনে তিনি বলেন, আগে যেখানে চিঠিচাপাটি ডেলিভারি করা পোস্টম্যানের কাজ ছিল, তা এখন বহুমুখী কর্মে পরিণত হয়েছে। আধার, লাইফ সার্টিফিকেট সংক্রান্ত একগুচ্ছ পরিষেবার পাশাপাশি অ্যাকাউন্ট খোলার কাজও তাঁদের করতে হচ্ছে। কাজের টার্গেট 
বেঁধে দেওয়া হচ্ছে। আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে বদলির ভয় দেখিয়ে। 
অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন গ্রুপ সি-র পূর্ব কলকাতা ডিভিশনাল শাখার সহকারী সম্পাদক অভিজিৎ পাল বলেন, ‘আমাদের সংগঠন শুধু কর্মীদের দাবিদাওয়া নিয়েই সরব নয়, গ্রাহকস্বার্থ সুরক্ষা নিয়েও আমরা লড়াই করি। গ্রাহকদের জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব।’

সম্পর্কিত সংবাদ