‘অতি খারাপ’ বাতাসে হাঁসফাঁস অবস্থা রাজধানীর! একিউআই পৌঁছল ৪২৮ এর ঘরে
  • ২৯ নভেম্বর, ২০২৬ ১১:৫৪
Prefer us on Google

নয়াদিল্লি, ২৯ নভেম্বর: রাজধানীতে জাঁকিয়ে পড়েছে শীতের আমেজ। আর সেই শীতের আমেজের মধ্যেই বিষাক্ত বাতাসের চাদরে ঢেকে গেল দেশের রাজধানী। রবিবার সকালেও দিল্লির বাতাসের গুণমানের বিশেষ কোনও উন্নতি হল না। বরং বাতাসের গুণমান সূচক ৩২৯-এ পৌঁছনোয় ‘অতি খারাপ’ শ্রেণিতেই রইল রাজধানীর বায়ুদূষণের পরিস্থিতি। ফলে শীতের সকালে নির্মল বাতাসের বদলে দূষণের ভারী চাদরেই দিন শুরু করতে হল দিল্লিবাসীকে।

Advertisement

 জানা গিয়েছে, দিল্লির মোট ৫৪টি বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৪৪টিতেই বাতাসের গুণমান ছিল ‘অতি খারাপ’। আরও উদ্বেগের বিষয়, দু’টি পর্যবেক্ষণ কেন্দ্রে পরিস্থিতি পৌঁছে যায় ‘ভয়াবহ’ পর্যায়ে। দূষণের নিরিখে সবচেয়ে খারাপ পরিস্থিতি ছিল চাঁদনি চকে। সেখানে একিউআইয়ের মাত্রা পৌঁছয় ৪২৮-এ। এদিকে, দূষণের দাপটের মধ্যেই দিল্লিতে শীতের উপস্থিতিও স্পষ্ট। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা মরশুমের গড় তাপমাত্রার তুলনায় ০.৪ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এদিন আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকাল সাড়ে ৮টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। তবে আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস সত্ত্বেও দূষণের পরিস্থিতি কতটা বদলাবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। শীতের শুরুতেই দিল্লির বাতাসের এই হাল রাজধানীর পরিবেশ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়াল।