হায়দরাবাদ, ২৯ নভেম্বর: প্রাক্তন ডেপুটি মেয়রকে খুনের পরিকল্পনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল হায়দরাবাদে। অভিযোগ, মোটা টাকার বিনিময়ে তাঁকে খুন করার ছক কষেছিল একদল দুষ্কৃতী। শুধু পরিকল্পনাই নয়, খুনের আগে তাঁর বাড়ির আশেপাশে রীতিমতো রেইকি চালানোরও অভিযোগ উঠেছে। তবে অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই তৎপর হয়ে পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করছে হায়দরাবাদ পুলিশ। ঘটনায় আরও এক অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত হওয়ার আশঙ্কায় গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন ডেপুটি মেয়র বাবা ফসিউদ্দিনকে ঘিরে এই ষড়যন্ত্রের অভিযোগ সামনে আসে শনিবার। অভিযোগকারীর দাবি, প্রায় এক মাস আগে ইমরান খান ও তাঁর ভাই ফায়াজ খান নামে দুই ব্যক্তি মিসবাহ নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। বাবা ফসিউদ্দিনকে খুন করার জন্য তাঁকে ২০ থেকে ২৫ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তাঁকে খুন করার জন্য আগাম ৫ লক্ষ টাকা দেওয়ার কথাও বলা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। সেই টাকা দিয়ে খুনের পরিকল্পনা তৈরি এবং প্রয়োজনীয় অস্ত্রশস্ত্রের ব্যবস্থা করার কথা ছিল। অভিযোগ, এরই মধ্যে কয়েকজন ফসিউদ্দিনের বাড়ির আশপাশে ঘোরাফেরা করে তাঁর গতিবিধির উপর নজরদারি চালায়। তাঁদের কাছে ধারালো অস্ত্রও ছিল বলে দাবি। অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে হায়দরাবাদ পুলিশ। পুলিশ কমিশনারের নির্দেশে গঠন করা হয় বিশেষ তদন্তকারী দল। ষড়যন্ত্রের নেপথ্যে কারা রয়েছে, কারা এই পরিকল্পনার সঙ্গে যুক্ত এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে শুরু হয় অভিযান। পুলিশের দাবি, প্রত্যক্ষদর্শীদের বয়ান ও গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তদন্তে নেমে অভিযুক্তদের কাছ থেকে দুটি ছুরি এবং পাঁচটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি, ষড়যন্ত্রের পরিকল্পনা ও যোগাযোগের ক্ষেত্রে বাজেয়াপ্ত মোবাইল ফোনগুলির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। প্রাক্তন ডেপুটি মেয়রকে খুনের এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই হায়দরাবাদে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ষড়যন্ত্রের পিছনে মূল মাথা কে, কী কারণে ফসিউদ্দিনকে নিশানা করা হয়েছিল এবং পলাতক অভিযুক্তের ভূমিকা ঠিক কী, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।



