নয়াদিল্লি, ২৯ নভেম্বর: ভোরের আলো ফুটতে না ফুটতেই মর্মান্তিক দুর্ঘটনা। দিল্লির বিশ্বাসনগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল চারজনের। পাশাপাশি আহত হয় আরও ২জন। ঘটনাটি ঘটেছে শাহদরা জেলার ইউনিটি মলের কাছে ১১ নম্বর গলির একটি বাড়িতে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
জানা গিয়েছে, আজ সকাল ভোর প্রায় ৪টের সময় ঘটনাটি ঘটে। একটি বাড়ির নিচতলায় ই-রিকশা চার্জ দেওয়া হচ্ছিল। সেই চার্জিং পয়েন্টে শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে আশঙ্কা। বাড়ির নিচতলায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এরপর ভয়াবহ আগুন দেখে ঘটনাস্থলে জড়ো হয়ে যায় এলাকাবাসী। দরে না করে খবর দেওয়া হ দমকল ও পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ এবং দমকলের তিনটি ইঞ্জিন। শুরু হয় উদ্ধারকাজ। বাড়ির ভিতর আটকে পড়া মোট ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মধ্যে ৪জনকে মৃত বলে ঘোষণা করে কর্মরত চিকিৎসক। পাশাপাশি দুই আহতের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের নেপথ্যে অন্য কোনোরকম কারণ রয়েছে কী না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।



