রাঁচি, ২৯ নভেম্বর: ঝাড়খণ্ডের রাজরাপ্পায় পুজো দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। রাঁচি-পাটনা হাইওয়েতে রামগড় জেলায় একটি পুণ্যার্থীদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় মৃত্যু হয়েছে মোট ১৩ জনের। মৃতদের মধ্যে চারজন মহিলা ও চারটি শিশু রয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক জন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, বিহারের নালন্দা থেকে একটি গাড়িতে করে ঝাড়খণ্ডের রাজারাপ্পা মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন ১৪ জন। রাতের অন্ধকারে হাইওয়ে দিয়ে যাচ্ছিল গাড়িটি। সেই সময়েই রাত প্রায় ২টো নাগাদ হাইওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গাড়ির মধ্যে থাকা সকলেই বিহারের নালন্দা জেলার জাংহারো গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। এরপর দুর্ঘটনাটি চোখে পড়তেই ঘটনাস্থলে জড়ো হয়ে যায় এলাকাবাসী। দেরি না করে খবর দেওয়া পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। পুলিশের পাশাপাশি স্থানীয়রাও উদ্ধার কাজে হাত লাগান। এরপর ক্ষতিগ্রস্ত গাড়ি থেকে যাত্রীদের বের করে আনা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৩ জনের। অপরদিকে আহত ১জনকে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে চিকিৎসাধীন ওই ব্যক্তি। পাশাপাশি মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়, গোটা বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী দল।



