নয়াদিল্লি, ২৯ নভেম্বর: সংসদে ডিলিমিটেশন বিল পেশের আগে বিরোধী শিবিরের অন্দরে শুরু হয়েছে শেষ মুহূর্তের রাজনৈতিক দর কষাকষি। কেন্দ্রের প্রস্তাবিত বিলের পক্ষে যাতে ডিএমকে এবং শরদ পওয়ারের এনসিপি সমর্থন না জানায়, সেই লক্ষ্যেই এবার সরাসরি মাঠে নামছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ২৯ নভেম্বর আর্থাৎ আজই চেন্নাইয়ে ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধি এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এরপর তাঁদের গন্তব্য মুম্বই। সেখানে এনসিপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করে বিলের বিরোধিতায় সমর্থন আদায়ের চেষ্টা করবেন তাঁরা।
আগামী ৩০ নভেম্বর অর্থাৎ কাল সংসদের বিশেষ অধিবেশনে ডিলিমিটেশন বিল পেশ হওয়ার কথা। তার ঠিক এক দিন আগে এই বিরোধী-ঐক্যের উদ্যোগকে রাজনৈতিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। কারণ, বিলের সংশোধিত খসড়া প্রকাশের পর ডিএমকে ইতিমধ্যেই কেন্দ্রের প্রস্তাবকে সমর্থনের সিদ্ধান্ত জানিয়েছে। একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে শারদ পওয়ারের দলও। কংগ্রেসের এই প্রতিনিধি দলে থাকছেন চার কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী তেলঙ্গানার রেবন্ত রেড্ডি, কর্নাটকের ডিকে শিবকুমার, কেরলের ভিডি সতীশন এবং হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখু। এ ছাড়াও প্রতিনিধি দলে থাকার কথা সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এমএ বেবি, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সম্পাদক প্রণব ঝা এবং প্রবীণ আইনজীবী কপিল সিবলের। অন্যান্য বিরোধী নেতারাও এই উদ্যোগে সামিল হবেন বলে জানা গিয়েছে। কংগ্রেস সূত্রে খবর, আজ দুপুর ২টো নাগাদ চেন্নাই পৌঁছবেন বিরোধী নেতারা। সেখানে স্ট্যালিনের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যায় মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবেন তাঁরা।
উল্লেখ্য, ২৮ নভেম্বর স্ট্যালিনের পৌরোহিত্যে ডিএমকে সাংসদদের বৈঠকে সংশোধিত ডিলিমিটেশন প্রস্তাবকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, এনসিপি (এসপি) নেতা জিতেন্দ্র আওহাদও জানিয়েছেন, সব রাজ্যে লোকসভা আসনের সংখ্যা সমানভাবে ৫০ শতাংশ বাড়ানোর ব্যবস্থা থাকলে তাঁদের দল বিলের পাশে দাঁড়াবে। ফলে কংগ্রেসের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুই গুরুত্বপূর্ণ বিরোধী দলের অবস্থান বদল করানো।



