Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

রক্তক্ষরণ থামছে না তৃণমূলের, জেলায় জেলায় ভাঙন অব্যাহত, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল কংগ্রেস

দল ভেঙে দু’টুকরো হওয়া মাত্রই তৃণমূলের ‘রক্তক্ষরণ’ আরও বাড়ল। দলের বিরুদ্ধে অনৈতিকতা ও দুর্নীতির অভিযোগ তুলে ইতিমধ্যেই অনেকেই মুখ খুলেছেন।

রক্তক্ষরণ থামছে না তৃণমূলের, জেলায় জেলায় ভাঙন অব্যাহত, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল কংগ্রেস
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দল ভেঙে দু’টুকরো হওয়া মাত্রই তৃণমূলের  ‘রক্তক্ষরণ’ আরও বাড়ল। দলের বিরুদ্ধে অনৈতিকতা ও দুর্নীতির অভিযোগ তুলে ইতিমধ্যেই অনেকেই মুখ খুলেছেন। পদত্যাগ করতেও শুরু করেছেন বিভিন্ন পুরসভার চেয়ারম্যান সহ কাউন্সিলাররা। তবে এই পর্বে শুক্রবার যেভাবে তৃণমূল পরিচালিত মেখলিগঞ্জ পুরসভার সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলাররা দলবদল করে কংগ্রেসে যোগ দিয়েছেন, তা নজিরবিহীন। সংখ্যাগরিষ্ঠতার জেরে উত্তরবঙ্গের এই পুরসভার বোর্ড এদিন থেকে কংগ্রেসের দখলে। নয় ওয়ার্ডের এই পুরবোর্ডের চেয়ারম্যান প্রভাত পাটানি সহ মোট ছ’জন কাউন্সিলার এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে দল পরিবর্তন করেছেন। মেখলিগঞ্জ পুরসভায় তৃণমূলের কাউন্সিলার সংখ্যা আট। প্রসঙ্গত, গত ডিসেম্বরে তথাকথিত শুদ্ধিকরণ পর্বে তৎকালীন চেয়ারম্যান কেশবচন্দ্র দাসকে অনাস্থা ভোটে সরিয়ে ঘনিষ্ঠ প্রভাত পাটানিকে চেয়ারম্যান করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই। 

Advertisement

বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর অর্থাৎ নিজের জেলায় তৃণমূলকে ধুয়েমুছে সাফ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাম আমলে ২০০৮ সালে রাজ্যের যে দুটি জেলা পরিষদ দখল করে যাত্রা শুরু করেছিল তৃণমূল, তার মধ্যে পূর্ব মেদিনীপুর অন্যতম। বাম রাজত্বে এই জেলা পরিষদ দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শিশির অধিকারী ও তাঁর পুত্র শুভেন্দু। তৃণমূলের দখলে থাকা সেই জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে এদিন ইস্তফা দিয়েছেন উত্তম বারিক। পদত্যাগ করেছেন সহ সভাধিপতি সুহাষিনী করও।  মেদিনীপুরের ডিভিশনাল কমিশনারের কাছে গিয়ে পদত্যাগপত্র পেশ করেন এই দু’জন। উত্তমবাবু বলেন, নির্বাচনে জনগণের রায় আমাদের বিরুদ্ধে  গিয়েছে। তাই পদে থেকে চেয়ারের অমর্যাদা করা উচিত নয়। তাই ইস্তফা। এদিন রাতেই তৃণমূল পরিচালিত উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পালও পদত্যাগ করেছেন।  
অপরদিকে পূর্ব বর্ধমান জেলায় এবার দাঁইহাটের পর তৃণমূল পরিচালিত কাটোয়া পুরসভার চেয়ারম্যান পদত্যাগ করেছেন। চেয়ারম্যান কমলাকান্ত চক্রবর্তী এদিন মহকুমা শাসকের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রসঙ্গত তিনদিন আগে দাঁইহাট পুরসভার চেয়ারম্যান সহ ১০ কাউন্সিলার পদত্যাগ করার ভেঙে যায় পুরবোর্ড। এদিন কমলাকান্তবাবু বলেন, মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে পদত্যাগপত্র জমা দিলাম। আর চাপ সহ্য করতে পারছি না। পূর্ব বর্ধমান ছাড়াও ইতিমধ্যে উত্তর ২৪ পরগনার বারাকপুর শিল্পাঞ্চলের কাঁচরাপাড়া, হালিশহর, ভাটপাড়া, গারুলিয়া ও উত্তর বারাকপুর পুরসভার চেয়ারম্যান সহ কাউন্সিলাররা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। পদত্যাগ করেছেন হুগলির চুঁচুড়া পুরসভা, চন্দননগর কর্পোরেশন এবং দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার পুরবোর্ডও ভেঙে গিয়েছে। সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল পরিচালিত আরও ২০-২৫ টি পুরসভার বোর্ড ভাঙতে চলেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ