নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার মালদহে শুরু হয়ে গেল বেঙ্গল সুপার লিগ। উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল মালদহের জেএইচআর রয়্যাল সিটি এফসি ও শিলিগুড়ির নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। ৩-১ গোলে ম্যাচ জিতে অভিযান শুরু করল সায়িদ রামনের মালদার দলটি। জোড়া লক্ষ্যভেদে সফল রবি হাঁসদা। অপর গোলদাতা পাওলো মোরাইস। নর্থ বেঙ্গলের একমাত্র গোলটি আত্মঘাতী। ম্যাচ হারলেও দলের খেলায় হতাশ নন নর্থ বেঙ্গলের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে মাঠে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় ও সচিব অনির্বাণ দত্ত। মঞ্চ থেকে আইএফএ সচিবের ঘোষণা, চ্যাম্পিয়নরা আগামী মরশুমে সরাসরি আইএফএ শিল্ডে খেলার সুযোগ পাবে।



